আরও শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। এই আবহে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আচমকা পালটে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একধিক জেলায় আগামী ৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন অঞ্চলের উপরে আছে।
দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় মন্থা গত ৬ ঘণ্টা ধরে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং আজ, ২৭শে অক্টোবর ২০২৫ তারিখে ভোর সাড়ে ৫টা নাগাদ পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন অঞ্চলের উপর কেন্দ্রীভূত ছিল সেটি। ১২.২° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি, চেন্নাই (তামিলনাড়ু) থেকে প্রায় ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া (অন্ধ্র প্রদেশ) থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্র প্রদেশ) থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে এবং পোর্ট ব্লেয়ার (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) থেকে ৮১০ কিলোমিটার পশ্চিমে এর সর্বশেষ অবস্থান রেকর্ড করা গিয়েছে।
২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেদিন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে। আর সেদিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। এরপর ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
৩০ অক্টোবরও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তারপর ৩১ অক্টোবর ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। এর মধ্যে সেদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে অল্প-বিস্তর।
এদিকে ২৮ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২৯ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ৩০ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ৩১ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ১ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

