Dailyhunt
পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি, শহিদ সেনা জওয়ান

পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি, শহিদ সেনা জওয়ান

শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ-অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। তবে, দুঃসংবাদ হল-সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। পুলওয়ামা জেলার কামরাজিপোরা এলাকার ঘটনা। জঙ্গিদের গুলিতে একজন সেনা জওয়ান আবার আহত হয়েছেন। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য সামগ্রী।

জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার কামরাজিপোরা এলাকায় জঙ্গিদের গতিবিধি বেড়েছে।

সেই খবর পাওয়ার পর বুধবার সকালে কামরাজিপোরা এলাকায় জঙ্গি-নিকেশ অভিযান চালায় সেনাবাহিনীর ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। যৌথ বাহিনীর অভিযান চলাকালীন অতর্কিতে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারে খতম হয়েছে একজন জঙ্গি। সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় জখম হন দু'জন সেনা জওয়ান, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অপর জওয়ান শ্রীনগরের সেনা হাসপাতালে চিকিত্‍সাধীন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla