Dailyhunt
Ambarish on Rahul: 'রাহুলের মৃত্যুতে আমরা লজ্জিত, কিন্তু যাঁদের লজ্জা পাওয়া উচিত, তাঁরা পেলেন না', চাঁচাছোলা অম্বরীশ

Ambarish on Rahul: 'রাহুলের মৃত্যুতে আমরা লজ্জিত, কিন্তু যাঁদের লজ্জা পাওয়া উচিত, তাঁরা পেলেন না', চাঁচাছোলা অম্বরীশ

লকাতা: রাহুল নেই, এই খবর পেয়ে প্রথমটা যেন হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। সকালটা যাঁর সঙ্গে চা খেয়ে শুরু করেছিলেন, সারাদিন যাঁর সঙ্গে শ্যুটিং করেছেন, সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আর নেই, এটা যেন প্রাথমিকভাবে মেনে নিতে কষ্ট হচ্ছিল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya)।

তালসারিতে দুর্ঘটনা ঘটে রবিবার। সেই অভিঘাতেই, মঙ্গলবার, শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-এর সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করেন অম্বরীশ। জানিয়ে দেন, ওই প্রযোজনা সংস্থার তিনি আর কখনও কাজ করবেন না। মঙ্গলবার, যেন অম্বরীশের সেই সিদ্ধান্তকেই সার্বিকভাবে গ্রহণ করল টলিউড।

অকালে অস্তাচলে অরুণোদয়, কাঠগড়ায় লীনা-শৈবাল

ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা' তে অভিনয় করছিলেন রাহুল। সেই ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়েই তালসারিতে গিয়েছিলেন অভিনেতা অভিনেত্রীরা। সেখানেই, ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্রের সঙ্গে শট দিতে গিয়ে জলে পড়ে, তলিয়ে যান রাহুল। কিন্তু শুধু এই দুর্ঘটনা নয়, যা মানুষের মনে, টলিউডের প্রায় প্রত্যেক সদস্যের মনে ক্ষোভ তৈরি করেছে, তা হল ভিন্ন ভিন্ন বয়ান। রাহুলের মৃত্যুর পরেই প্রযোজনা সংস্থার এক এক জন, এক এক রকম বয়ান দেন। এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত প্রকাশ্যে এই মৃত্যুয় দায় নেয়নি 'ম্যাজিক মোমেন্টস'। তদন্তের স্বার্থে মহিলা কমিশনের পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেও, এখনও পর্যন্ত ইস্তফা দেননি লীনা। এই সমস্ত কারণেই মঙ্গলবার মিটিং করে টলিউডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, যতক্ষণ না রাহুলের মৃত্যু সম্পর্কে সমস্ত তথ্য সবার সামনে প্রকাশ করবে Magic Moments Motion Pictures, ততক্ষণ তাঁদের সঙ্গে কাজ করা হবে না।

'সারাদিন গল্প, বই-সুগন্ধী উপহার..'

রাহুলের মৃত্যুর খবরটা প্রথমে বিশ্বাস করতে পারিনি। ঘটনাটা ঘটে রবিবার, গোটা সোমবারটা আমি চিন্তাভাবনা করি। Magic Moments Motion Pictures-এর ২টি ধারাবাহিকে কাজ করছিলাম আমি। মনে হয়েছিল, ওই ধারাবাহিক না হোক, অন্য ধারাবাহিকের শ্যুটিংয়ে আমায় ডাকা হলেও, ওই ফ্লোরে কীভাবে যাব? রাহুলের সঙ্গে এর আগে ততটা ঘনিষ্ঠতা না থাকলেও, গত ২ মাস একই মেকআপ রুম শেয়ার করেছি আমরা। ওর সঙ্গে আমার অনেক পছন্দের মিল ছিল.. গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য... সব মিলিয়ে একটা খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বুঝতাম, মানুষ হিসেবে, বন্ধু হিসেবেও রাহুল আমায় পছন্দ করে। বই, সুগন্ধি উপহার দিয়েছে কত.. সারাদিন গল্প। দুপুর পৌনে ৩টের সময় ওর সঙ্গে শেষ শট দিই। তারপরেই দুর্ঘটনা। একটু সামলে নেওয়ার পরে মনে হয়েছিল, মুভিটোন স্টুডিও-তে গিয়ে এরপর কীভাবে শট দেব? কীভাবে ওই ঘরে বসব একা? মঙ্গলবারই ফোন করে প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিই, ২টো ধারাবাহিকে অভিনয় করা সম্ভব না। ওঁরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। সময় যত গড়িয়েছে, মনে হয়েছে.. শুধু এই ঘটনার দায়স্বীকার হয়.. ওই সংস্থার সঙ্গে এ জীবনে আর কাজ করতে পারব না। মুভিটোনে আর এই জীবনে যেতে পারব না।'

অম্বরীশ আরও বলেন, 'আমি শিল্পী। দিন হিসেবে কাজ করি। ২টো ধারাবাহিক ছেড়ে দেওয়া মানে আমার বিশাল আর্থিক ক্ষতি। তখনও জানতাম না হাউজটাই ব্যান হবে। কিন্তু সেই সময়ে মনে হয়েছিল, মনটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত। শ্যুটিং করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি, ঠিক হবে না। মঙ্গলবার কাজ ছাড়লেও, সোশ্যাল মিডিয়ায় জানাইনি। পরে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আমায় বলেন, আমায় নিয়ে ভুল ধারণা রটছে। তখন আমি ধারাবাহিক ছাড়ার কথা জানাই।'

সুরক্ষা প্রসঙ্গে সরব অম্বরীশ

রাহুলের মৃত্যুতে নড়েচড়ে বসেছে সবাই। তাহলে কী এতদিন সুরক্ষা ছাড়াই চলত শ্যুটিং? অম্বরীশ বলছেন, 'ফ্লোরে কারও হাত কেটে গেলে ওডিকোলন দেওয়া হত। ডেটলের ব্যবস্থাও ছিল না। একেবারে নিরাপত্তা ছিল না, এটা বলব না। কিন্তু অনেক ফাঁক ছিল। তালসারির শ্যুটিংয়ের অনুমতি ছিল কি না জানি না। এটা জানা একজন শিল্পীর কাজের মধ্যে পড়ে না। সেটা যে ছিল না, সেটা অবিশ্বাস্য! নায্য প্রশ্ন করলে, শিল্পীদের কী কাজ না পাওয়া নিয়ে ভাবতে হয়? একজন শিল্পী কী নিজে শট নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন? অম্বরীশ বলছেন, 'যেভাবে কাজ হয়, আমরা চাইলেও দ্বিতীয়বার একটা শট দিতে পারি না। ওই সময়ে ঠিক কী হয়েছিল, আমরা কেউ জানি না। সেই উত্তরটাই খুঁজছি সবাই। এতদিন পেরিয়ে গেলেও কেউ জানাল না সত্যিটা কী? কারও কারও কথায় রাহুলকে দোষারোপ করার একটা প্রবণতা ছিল, এটা দেখে আমি ভয় পেয়েছি। এই নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি! অভিনয়ের মতো সংবেদনশীল জায়গায় এই ঘটনা ঘটল.. এতে আমরা সবাই লজ্জিত। কিন্তু যাঁদের লজ্জিত হওয়ার কথা, তাঁরা হলেন না। কোনও বিবৃতিতে বলা হয়নি যে, এই এই ঘটনা ঘটেছে, এই এই ভুল ছিল.. কোনও দোষ হলে, তার দায় মাথা পেতে নেব।' এটা দুর্ভাগ্যজনক।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda