মায়ামি: এই শহর এখন তাঁর 'সেকেন্ড হোম'। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়েই খেলেন তিনি। সেই মায়ামিতেই একাধিক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে দুটি বিশ্বকাপে ৭টি করে গোল করলেন। সেই সঙ্গে বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার নজির।
আর মেসি-মহাকাব্যের সেই ম্যাচেই কি না বিশ্বের কোটি কোটি আর্জেন্তিনা সমর্থকদের নাভিশ্বাস তুলে দিল কেপ ভার্দে।
আফ্রিকার ছোট্ট দেশ, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে। বিশ্বকাপে নেমেই প্রথম আলোড়ন তৈরি করে স্পেনের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করে। আর সংবাদের শিরোনামে উঠে আসেন তাদের গোলকিপার ভোজিনহা। স্পেনের বিরুদ্ধে সাতটি গোল রুখে দিয়ে। স্পেন, উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে যে গ্রুপে, সেখানে অপরাজিত থেকে নক আউটে জায়গা করে নেয়।
কেপ ভার্দের সাফল্য যে ফ্লুক ছিল না, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে তা প্রমাণ করে দিলেন ভোজিনা, সিডনি লোপেস কাব্রাল, দেলয় দুয়ার্তেরা। স্নায়ুর চাপ বাড়িয়ে আর্জেন্তিনাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে গেল কেপ ভার্দে। শেষ পর্যন্ত আর্জেন্তিনা থ্রিলার জিতল ৩-২ গোলে। পৌঁছে গেল শেষ ষোলোয়। যেখানে মিশরের বিরুদ্ধে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মিশর।
মায়াবী মায়ামিতে ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম ছিল। শুরু থেকেই মেসি-ম্যাজিকের ইঙ্গিত। বলা হয়, একজন ফুটবলার কত বড় মানের, তা বোঝা যায় বলে তাঁর 'ফার্স্ট টাচ' দেখেই। শনিবার ভারতীয় সময় ভোররাতের ম্যাচের বয়স তখন ২৯ মিনিট। মাঝমাঠ থেকে মেসিকে লক্ষ্য করে বল বাড়ালেন আর্জেন্তিনার লিসান্দ্রো মার্তিনেস। মেসি পিছন দিকে ঘুরেই বলটি রিসিভ করলেন। এত আলতো করে, দেখে মনে হবে যেন সদ্যোজাত সন্তানকে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন স্নেহময়ী মা। বল যেন আঠার মতো মেসির পায়ের ছোঁয়ায় তাঁর সামনেই মাটিতে আটকে গেল। তারপরই বাঁ পায়ের অনবদ্য শটে মেসি হার মানালেন ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহাকে। আর্জেন্তিনা এগিয়ে গেল ১-০।
নাটকের তখনও অনেক বাকি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোল করে ১-১ করলেন দুয়ার্তে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খোলস ছেড়ে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটল কেপ ভার্দে। আর তাতেই সাফল্য। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনও গোল হয়নি। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। বিশ্বচ্যাম্পিয়নদের অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যাওয়া কেপ ভার্দের কাছে কৃতিত্বের হতে পারে বৈকি!
অতিরিক্ত সময়ের শুরুতেই দুরন্ত গোল লিসান্দ্রো মার্তিনেসের। বক্সের মধ্যে বল ধরে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে ভোজিনহাকে পরাস্ত করেন আর্জেন্তিনার সেন্ট্রাল ডিফেন্ডার। ফের এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।
কেপ ভার্দেও যেন শপথ নিয়ে নেমেছিল যে, হারার আগে হারবে না। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই দুরন্ত গোল সিডনি লোপেস কাব্রালের। আর্জেন্তিনার বক্সের বাইরে থেকে দূরপাল্লার গোলার মতো শটে গোল করেন। যে গোল টুর্নামেন্টের অন্যতম সেরা হয়ে থেকে যাবে। আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে নড়ার সুযোগ দেননি।
ম্যাচ ২-২। গোটা গ্যালারি উৎকণ্ঠায়। ফয়সালা কি তবে টাইব্রেকারে? বিশ্বকাপের সেরা অঘটন কি ঘটাতে চলেছে কেপ ভার্দে?
যদিও শেষ পর্যন্ত আর্জেন্তিনাকে স্বস্তি দিল ক্রিস্তিয়ান রোমেরোর গোল। মেসির মাপা ফ্রি কিক থেকে লাফিয়ে হেড করেন। সেই বল কেপ ভার্দের ডিনির শরীরে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে দুটি দুরন্ত সেভ করেন আর্জেন্তিনার গোলকিপার এমি মার্তিনেজ়। ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে আর্জেন্তিনা।
গোটা ম্যাচে ১০টি সেভ করেছেন ভোজিনহা। যার মধ্যে মেসির শটই পাঁচবার প্রতিহত করেছেন। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, ভোজিনহা টুর্নামেন্টের ইতিহাসে সেরা গোলকিপারদের তালিকায় থেকে যাবেন। চলতি বিশ্বকাপে সাত গোল করে ফের সোনার বুটের দৌড়ে কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে গেলেন মেসি।
Author : সন্দীপ সরকার

