Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

লকাতা: রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর। উপভোক্তাদের পুনরায় যাচাই (Verification) সম্পন্ন হওয়ার পর ৬ অগাস্ট থেকে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথম ধাপে প্রায় ১০ লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) অর্থ পাঠানো হবে।

সরকারি সূত্রের খবর, প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার আগে প্রতিটি উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হয়েছে। যাঁরা প্রথম কিস্তির টাকা ব্যবহার করে বাড়ির নির্মাণকাজ লিন্টেল (Lintel) স্তর পর্যন্ত সম্পূর্ণ করেছেন এবং প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছেন, তাঁরাই দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

রাজ্য সরকারের দাবি, এই যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া এবং কোনও ধরনের অনিয়ম রোধ করা। সেই কারণেই নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখার পরেই দ্বিতীয় কিস্তির অর্থ অনুমোদন করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ প্রক্রিয়ার সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রায় ১০ লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। ভবিষ্যতে বাকি যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে অর্থ ছাড়া হবে।

রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে 'বাংলার বাড়ি' প্রকল্প চালু করে। প্রথম পর্যায়ে প্রায় ১১ লক্ষ উপভোক্তার জন্য প্রকল্প ঘোষণা করা হয়। পরে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় আরও ১৬ লাখ উপভোক্তার মাথার ছাদ করার প্রতিশ্রুতি দিয়েছিল পুর্বতন সরকার। যদিও ১৬ লাখের বদলে প্রথম দফায় প্রায় ১৮ লক্ষ ৫৮ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের জন্য ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। তবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ স্থগিত হয়ে যায়।

শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি পূর্ণমাত্রায় চালু না হওয়া পর্যন্ত রাজ্যের বিদ্যমান জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে যাওয়া হবে। যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জন্য এক লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছে, তবুও 'বাংলার বাড়ি' প্রকল্পের উপভোক্তাদের অসমাপ্ত বাড়ির কাজ শেষ করার সুযোগ দিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুনরায় সমীক্ষা চালায়।

উল্লেখ্য, এই আবাসন প্রকল্পটি বর্তমানে "পশ্চিমবঙ্গ আবাস" (Paschim Banga Awas) নামে চালানো হচ্ছে। পূর্বে এটি "বাংলার বাড়ি" নামে পরিচিত ছিল। নতুন নামে প্রকল্পটি চালু থাকলেও উপভোক্তাদের জন্য আবাসন নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

Author : পল্লবী দে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda