পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় গ্রেফতারি বেড়ে হল ৩০। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হল এই ১২ জনকে। গতকালই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। তিন দফায় মোট ৩০ জনকে এখনও গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর থেকেই অ্যাকশন মোডে পুলিশ।
বারুইপুরের সূর্যপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনা জানাজানি হতেই অশান্তি চরমে ওঠে এলাকায়। উদ্ধার হয় নাবালিকার দেহ। বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। তবে স্থানীয়দের মধ্যে উত্তেজনার পারদ নিমেষেই এতটা চড়ে যায় যে শুরু হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, র্যাফ, কেন্দ্রীয় বাহিনী। উন্মত্ত জনতার একাংশ পুলিশের গাড়ির উপর, পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় আহত হয়ে পুলিশকর্মীদের হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। এছাড়াও সরকারি সম্পত্তি ধ্বংস করার পাশাপাশি স্থানীয় এক যুবককে সন্দেহে বশে পিটিয়ে খুন করে কয়েকজন।
এই সার্বিক বিশৃঙ্খলার ঘটনায় যুক্ত কাউকে ছাড়া হবে না, এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই অ্যাকশন মোডে পুলিশ। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় যেমন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে, তেমনই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগেও তিন দফায় এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে প্রভাসের বয়ানে প্রচুর অসঙ্গতি থাকায় তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পুনর্নির্মাণের জন্য। সেই সময় পুলিশের কোমর থেকেই সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পালাতে যায় প্রভাস। এক রাউন্ড গুলিও চালায় সে, এমনটাই দাবি পুলিশের। আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশও। অভিযুক্ত যাতে পালিয়ে না যায় তাই তাকে ধরতে ধাওয়াও করে পুলিশ। রাতের অন্ধকারে জমির আলের মধ্যে দিয়ে জলাশয় টপকে পালিয়ে যাওয়ার ছক ছিল প্রভাস মণ্ডলের। পুলিশের রিভলভার হাতিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় প্রভাস। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
Author : সোহিনী চক্রবর্তী

