সমীরণ পাল, বসিরহাট, উত্তর ২৪ পরগনা: ঘোজাডাঙা সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের আগেই বড়সড় সাফল্য পেল বসিরহাট পুলিশ। সোমবার রাতে বসিরহাট থানার ইছামতি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি পেটি থেকে মোট ১ হাজার ২০০ শিশি ফেন্সিডিল উদ্ধার করেছে।
: পানাগড়ে ভস্মীভূত স্কুটারের শো-রুম, আগুনের কারণে আটকে পড়েন ওই বিল্ডিংয়ে থাকা একাধিক মানুষও
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে একটি চার চাকা গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় বসিরহাট থানার পুলিশ এবং বসিরহাট পুলিশ জেলার SPG বা স্পেশাল অপারেশন গ্রুপ। খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত তৎপর হয়।
বসিরহাট পুলিশ জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) দীপাঞ্জন চট্টোপাধ্যায় এবং বসিরহাট থানার আইসি মহম্মদ ফিরোজ আলির তত্ত্বাবধানে ইছামতি ব্রিজ সংলগ্ন এলাকায় শুরু হয় বিশেষ নজরদারি। সোমবার রাতে সন্দেহভাজন চার চাকা গাড়িটি ওই এলাকায় পৌঁছালেই পুলিশ সেই গাড়িটাকে আটক করে।
এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি পেটিতে রাখা মোট ১ হাজার ২০০ শিশি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মুকেশ শর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি হাওড়া জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে যে ধৃত স্বীকার করেছে, সে শিয়ালদা এলাকার একটি বাজার থেকে ফেন্সিডিলের ওই পেটিগুলি সংগ্রহ করে। তারপর সে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। তবে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার পিছনে কারা জড়িত এবং সীমান্তে পৌঁছনোর পর কার হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া ফেন্সিডিল এবং পাচারের কাজে ব্যবহৃত চার চাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
Author : সুপ্রিয় ঘোষ

