Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BJP News : 'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

BJP News : 'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

ন্দীপ সরকার , কলকাতা : খুঁটিপুজো ঘিরে এলাকায় তুলকালাম। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছিল এলাকা। অভিযোগ, এন্টালি থানায় তালা লাগিয়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছিলেন নেতা। ২ সপ্তাহ পর অবশেষে BJP নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক বরখাস্ত করল বিজেপি।

দল বিরোধী কাজের অভিযোগে ৭দিনের মধ্যে অভিযুক্ত নেতার জবাব তলব করল দল। সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ছিলেন সুদীপ রাম। ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ করা সহ একাধিক দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত খুঁটিপুজোকে কেন্দ্র করে। ১২ অগাস্ট, কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। অভিযোগ, ২ দিনের মাথায় ১৪ অগাস্ট রাতে কেউ পার্কে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই, পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। পার্কের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কীভাবে পুজো হবে, চিন্তায় পড়ে যান এলাকার সাধারণ মানুষ। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পর, শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে পার্কের একটি গেটের তালা ভাঙেন পুরসভার কর্মীরা।

এর আগে খুঁটি উপড়ানোর প্রতিবাদে, ১৪ অগাস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন লাগিয়ে তালা ঝুলিয়ে দেন এই বিজেপি নেতা। থানার বাইরে বসে পড়েন বিজেপির কর্মীরা। ভাইরাল এই ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারিও দিতে শোনা যায় বিজেপি নেতাকে। থানার সামনে দেখা যায় সুদীপ রামের দাদা দিলীপ রামকেও। যিনি বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কো কনভেনার। ১৪ অগাস্ট সারা রাত এন্টালি থানায় তালা ঝুলিয়ে রাখা হয়। ভোরবেলা খোলা হয় তালা।

বিজেপি নেতা দিলীপ রামের অবশ্য দাবি, ' থানায় তালা মারার পর আমি গেছি। কে তালা মেরেছে আমি জানি না। আমি সরকারি আইনজীবী, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। ' এরপর বিজেপি এই পদক্ষেপ করল।

Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda