কলকাতা: তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির (BJP News) রাজ্য় সভাপতি। তোলাবাজি রোখার বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংরাও। তাও পুরনো অসুখ যেন সারছেই না। অভিযোগ থামছে না!
এবার, তোলা না দেওয়ায়, প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল।
ঘটনাস্থল দমদম। স্থানীয় প্রোমোটার অমরনাথ সিং-এর দাবি, দিন ১৫ আগে, তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে ফোন আসে। অভিযোগ, তিনি দিতে না চাওয়ায়, সোমবার রাতে, তাঁর অফিসে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। বন্দুকের বাট দিয়ে প্রোমোটারকে মারধর করা হয় বলে অভিযোগ!
অভিযোগকারী প্রোমোটার অমরনাথ সিং জানান, 'কাল রাতে ৮টা ২০ নাগাদ ওরা সব ঢুকে আমাকে জান-প্রাণে মারার জন্য় পুরো পূর্বপরিকল্পিত... সব ভাঙচুর করে, বন্দুকের বাট দিয়ে মেরে, গলার চেন, ২ টো ফোন, নগদ সব নিয়ে চলে যায়। এটাও বলে যায়, টাকা যদি না দিস, তোকে তো মারব। তোর পরিবারকে রাস্তায় ভিক্ষে চাওয়াব। ছোট ছোট দুইটো বাচ্চা আমার। কালকে যেভাবে ওরা আক্রমণ করেছে, ওরা তো ভেবেছে আমি মরেই গেছি।
- তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
গলির মোড়ের CCTV-তে দেখা যাচ্ছে প্রথমে প্রোমোটারের অফিসের সামনে এসে দাঁড়াচ্ছে বেশ কয়েকটা মোটরবাইক। এরপর কয়েকজন ভিতরে ঢুকছেন। সেই মুহূর্তেই অফিস থেকে পালিয়ে বের হচ্ছেন দুই, তিনজন। দুষ্কৃতীদের কেউ অফিসের ভিতরে, কেউ বা বাইরে। বেশ কিছুক্ষণ পর, যেভাবে তারা এসেছিল, সেভাবেই মোটর বাইকে চেপে বেরিয়ে যায়। অভিযোগ, প্রোমোটারের গলার চেন, মোবাইল ফোন ছাড়াও, অফিসে যা নগদ ছিল, তা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, CC ক্য়ামেরা ভেঙে, চিপ পর্যন্ত নিয়ে চলে যায় তারা।
হামলাকারীদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ করছেন আক্রান্ত প্রোমোটার। 'একজনকে আইডেনটিফাই করতে পেরেছি। খোকন করের সঙ্গে ও ঘোরে। বিজেপি দলের সঙ্গে ও মিছিল-মিটিং করে। খোকন করের সঙ্গে ওই ছেলেটা… যদি খোকন করকে গ্রেফতার করা হয়, সব বেরিয়ে আসবে', দাবি অমরনাথের।
রং না দেখে দৃষ্টান্তমূলক ব্যবস্থার আশ্বাস দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর। তিনি বলেন, 'সমস্তরকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স পলিসি। নতুন বিজেপি, পুরনো বিজেপি, ৪টের পরের বিজেপি, ১২টার আগের বিজেপি এগুলো আমাদের কাছে দেখার কোনও বিষয় না। যদি কেউ তোলাবাজির দাবি করে থাকে, প্রত্য়েকের বিরুদ্ধে আইনগতভাবে প্রশাসনকে বলব, দৃষ্টান্তমূলক অবস্থান নিতে।'
তবে এ নিয়ে পাল্টা কটাক্ষও ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। তৃণমূল নেতা (ঋতব্রত তৃণমূল) সৌরভপ্রিয় দত্ত বলেন, 'বিজেপি-র যে ভয় আউট ভরসা ইন সেটা তো এই ঘটনায় দেখা গেল না।' এই ঘটনায় দমদম থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী প্রোমোটার।
Author : ঋষভ রায়

