কলকাতা : সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রাম থেকে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প নিয়ে মঙ্গলবার ফের নয়া ঘোষণা করলেন তিনি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানান যে, রাজ্যের সাধারণ নাগরিকদের পাশাপাশি এখন থেকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসার সুযোগ পাবেন।
অর্থাৎ নিয়ম অনুযায়ী, যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে যুক্ত করা হল।
নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''স্বাস্থ্যসাথীতে সরকারি বেসরকারি মিলে ১৭০০ হাসপাতালে সাংবাদিকরা চিকিৎসার সুযোগ পেতেন। বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমাতে রাজ্যের ১৯০০ হাসপাতালে সরকারি এবং বেসরকারি মিলে আপনারা চিকিৎসার সুযোগ পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার সুবিধা ভারতবর্ষের ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে পাবেন। AIIMS, CMC ভেলোর হতে পারে, টাটা ক্যান্সার হসপিটাল হতে পারে, চন্ডিগড় PGI হতে পারে, রেড্ডির হাসপাতাল হতে পারে, দেবি শেঠি-র ব্যাঙ্গালোরের হাসপাতাল হতে পারে। এটি একটি বাড়তি সুযোগ। দ্বিতীয়ত যারা আয়ুষ্মান ভারতে নথিভুক্ত আছেন, তাদের আলালদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নেওয়ার প্রয়োজন নেই। যারা ক্রিটেরিয়ার জন্য মাননীয় মুখ্যসচিব খুব বিস্তারিতভাবে বলেছেন যে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছেন। ৭০ ঊর্ধ যারা, তাদের কোনও ক্রাইটেরিয়া নেই, এমন ৪০ লক্ষ সিনিওর সিটিজেন আছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার কার্ড নেওয়ার প্রয়োজন নেই, তার মধ্যে সাংবাদিকরাও পড়েন। যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারলেন না, তাঁদের আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় যুক্ত করলাম। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের স্বপরিবারে এই সুবিধা পাবেন। তার সূচনা আজ হল।''
- আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় পাশাপাশি, সাংবাদিকদের পেনশন নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫০০০ টাকা পেনশন দেবে রাজ্য সরকার। আগের সরকার ২ হাজার ৫০০ টাকা দিত, এবার থেকে এটা বেড়ে সাংবাদিকদের পেনশন ৫০০০ টাকা করা হল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ঘোষণা, যাঁদের অ্যাক্রিডিটেশন বা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নেই, ডেস্কে কর্মরত, তাঁরাও পেনশন পাবেন। এছাড়াও কলকাতা ও জেলার সাংবাদিকরা পুজোর সময় আবেদন করলে ৩০০০ টাকা করে ভাতা পাবেন বলে প্রতিশ্রুতি দিলেন তিনি।
Author : অরিন্দম প্রধান

