Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Dhanush News: রাজনীতিতে আসছেন ধনুষ? দলের পতাকা সামনে আনল ফ্যান ক্লাব, 'থলপতি' বিজয়ের মতো সাফল্য পাবেন কি.

Dhanush News: রাজনীতিতে আসছেন ধনুষ? দলের পতাকা সামনে আনল ফ্যান ক্লাব, 'থলপতি' বিজয়ের মতো সাফল্য পাবেন কি.

 রাজেশ খন্না, অমিতাভ বচ্চন, গোবিন্দ, শত্রুঘ্ন সিনহা, কমল হাসন, সৌন্দর্য, স্মৃতি ইরানি, তাপস পাল, শতাব্দী রায়-বিনোদন জগত থেকে রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন অনেক তারকাই। হালফিলে প্রথমবার রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন 'থলপতি' বিজয়।
 সব ঠিক থাকলে এবার রাজনীতিতে পা রাখতে পারেন আর এক 'মহাতারকা'।

তামিল, তেলুগু এবং হিন্দি ছবিতে চুটিয়ে অভিনয় করা ধনুষও এবার রাজনীতিতে আসতে পারেন বলে জোর জল্পনা।

বিজয়ের দেখাদেখিই ধনুষ রাজনীতিতে আসার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। তাঁর ফ্যান ক্লাবের তরফে ইতিমধ্যেই 'আনুষ্ঠানিক' পতাকা প্রকাশ করা হয়েছে, যার অগ্রভাগে রয়েছেন ধনুষ। এর আগেও অভিনেতারা এই ভঙ্গিতেই রাজনীতিতে পা রাখেন।

যে পতাকা প্রকাশ করেছে ধনুষের ফ্যান ক্লাব, তার নকশা রক্তবর্ণ লাল এবং সাদা দিয়ে তৈরি। দুই হাত জড়ো করে নমস্কার করছেন ধনুষ। তাঁর মুখে হাসি। তৃণমূলস্তর থেকে উঠে আসা মানুষ হিসেবেই তুলে ধরা হয়েছে অভিনেতাকে। শুধু পতাকার ছবি তুলে ধরাই নয়, পতাকা উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।

ধনুষের রাজনীতিতে পা রাখা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কাটাছেঁড়া। ধনুষ নিজে যদিও এখনও পর্যন্ত নীরবতা পালন করছেন।

তামিলনাড়ুতে অভিনেতাদের রাজনীতিতে প্রবেশ কোনও হালফিলের ঘটনা নয়। বিপুল সংখ্যক মানুষের সমর্থনও পেয়েছেন তাঁরা। এবার কি তাহলে ধনুষের পালা? উঠছে প্রশ্ন। উল্লেখ্য, এর আগে রাজনীতিতে পা রাখার জল্পনা উস্কে দিয়েছিলেন 'থালাইভা' রজনীকান্তও, যাঁর কন্যাকে বিবাহ করেছিলেন ধনুষ। এখন যদিও আলাদা তাঁরা।

রাজনীতিতে পা রাখার আগে বেশ কয়েকটি ধাপ পেরোন 'থলপতি' বিজয়। প্রথমে তাঁর ফ্যান ক্লাব 'বিজয় মক্কল ইয়াক্কম' সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়। ২০০৯ সাল থেকে তামিলনাড়ুর বিভিন্ন কাজে হাত লাগাতে শুরু করে তারা।

শেষ পর্যন্ত ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক দল 'তামিলগা বেত্তী কড়গম' (TVK)-এর সূচনা করেন বিজয়। ২০২৬ সালের মার্চ মাসে বিজয় ঘোষণা করেন ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে TVK.

বলা বাহুল্য, ঐতিহাসিক ফলাফল হয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের। AIADMK এবং DMK-র বাইনারি ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ে TVK. আর সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হন বিজয়।

জনপ্রিয়তায় বিজয়ের থেকে কোনও অংশে কম যান না ধনুষও। তামিল ছবির অন্যতম সফল এবং শ্রদ্ধেয় অভিনেতা তিনি। হিন্দি ছবিতেও চুটিয়ে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি, লেখালেখি, গান, পরিচালনাতেও হাত পাকিয়েছেন। তাই তাঁঁকে নিয়েও জল্পনা বাড়ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda