নিউ জার্সি: হাইতির বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। অনেকে সেই চোখ দেখে মনে করছিল তাঁর বিশ্বকাপ (FIFA World Cup 2026) হয়তো সেখানেই শেষ। তবে ঠিক নরওয়ের বিরুদ্ধে (Brazil vs Norway) ব্রাজিলের রাউন্ড অফ ১৬-র ম্যাচের আগেই সেলেসাওদের (Brazil Football Team) অনুশীলনে দেখা গেল রাফিনহাকে (Raphinha)।
যখন তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জল্পনা তুঙ্গে, তখনই ব্রাজিল জার্সিতে তাঁর শুরুর দিকের ছবি এবং বর্তমানের একাধিক ছবি মিলিয়ে করা পোস্টের ক্যাপশনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছিলেন, 'আমি এই ছবিটা সর্বপ্রথমে দিয়েছি কারণ এটা আমায় সেই দিনের কথা মনে করায় যেদিন সবটা শুরু হয়েছিল। ওই ছেলেটা যে ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখত, সে এখনও এখানে রয়েছে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করার একই ধরনের স্বপ্ন, কৃতজ্ঞতা এবং ইচ্ছাশক্তি এখনও রয়েছে। যারা আমায় চেনেন, তারা জানেন আমি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য কতটা খাটা খাটনি করি এবং নিজের প্রতি আমি কতটা ডিমান্ডিং। সেটা কোনও দিন বদলাবে না। যত দ্রুত সম্ভব ফিট হয়ে মাঠে ফেরার জন্য আমি নিজের ক্ষমতায় যা যা করা সম্ভব, সবটা করব।'
- প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর
এরপরে অনেকেই মনে করছিলেন রাফিনহা হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তবে রাউন্ড অফ ১৬-এর ম্যাচের আগে মিডিয়ার সামনে যে ১৫ মিনিট ওপেন অনুশীলন করে ব্রাজিল, তাতে রাফিনহা সাধারণ ছন্দেই ওয়ার্ম আপ সারেন এবং দলের সতীর্থদের সঙ্গে পাসিং ড্রিলেও অংশ নেন। তবে এক রিপোর্টে দাবি করা হচ্ছে রাফিনহা অনুশীলন কেন্দ্রে বা মাঠে ফিরলেও, তিনি নরওয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে তিনি এখনও সম্পূর্ণভাবে অনুশীলন শুরু করতে পারেননি। সেটা করতে খানিকটা সময় লাগবে রাফিনহার। তাই তাঁকে নিয়ে ব্রাজিল কোনওরকম ঝুঁকি নিতেও চায় না। এই কারণেই রাফিনহার নরওয়ে ম্যাচ খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে রাফিনহা মাঠে নামতে পারেন।
তবে রাফিনহা দলে ফিরলেও ডান উইংয়ে কিন্তু তাঁর স্থান আর পাকা নয়। তাঁর অনুপস্থিতিতে টিনএজ তারকা রায়ান সুযোগ পেয়েই নজর কেড়েছেন। তাঁর ওয়ার্ক রেট তো বটেই, রায়ান নিজে দুইটি অ্যাসিস্ট প্রদান করেও নজর কেড়েছেন। তাই নরওয়ের বিরুদ্ধে রাফিনহা ফিরলেও, তিনি কতটা ফিট এবং তিনি আদৌ ফিরেই প্রথম একাদশে জায়গা পাবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
Author : ABP Ananda

