স্বপ্ন অধরা । বিশ্বকাপ অধরা । কোটি কোটি ভক্তর চোখে জল এনে বিশ্বকাপ জার্নি শেষ করলেন আরও এক মহারথী। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে ছিটকে গেল পর্তুগাল। ম্যাচের আগেই অল নাসর তারকা জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপ এভাবে শেষ করার পর চোখে জল রোনাল্ডো র।
রাউন্ড ১৬-তেই ছিটকে গেল পর্তুগাল।
ম্যাচ তখন অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে এগোচ্ছে। সেই সময় ফেরান তোরেস একটি 'থ্রু বল' বাড়ান স্পেনের পরিবর্ত খেলোয়াড় মিকেল মেরিনোর দিকে। সেই বল ৯১ মিনিটের মাথায় অনায়াসেই কোস্তার পাশ দিয়ে জালে জড়িয়ে দেন মেরিনো।
এদিন ম্যাচে দুই দলেরই গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। উনাই সিমন গোল না খেয়ে টানা ম্যাচ খেলার নিজের রেকর্ডটিকে ৬০৯ মিনিট পর্যন্ত প্রসারিত করেছেন। এছাড়া, বিশ্বকাপ ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ গোল না খেয়ে খেলার ক্ষেত্রে ইতালি (১৯৯০) ও সুইজারল্যান্ডের (২০০৬-১০) সঙ্গে যৌথভাবে থাকা রেকর্ডটিও স্পেন ভেঙে দিয়েছে।
পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্বকাপে সাইমন মাত্র চারটি সেভ করেছিলেন। রাউন্ড অফ ৩২-এ অস্ট্রিয়া গোলপোস্টের লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। তবে পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে তিনি দু'বার রোনাল্ডোদের প্রচেষ্টা রুখে দিয়েছেন। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের দর্শকদের করতালির মধ্যেই হতাশ হয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো। এই পরাজয় রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ারের শেষ অধ্যায় । এর মধ্য দিয়ে দেশের হয়ে তাঁর বিশ্বকাপ জেতার দুই দশকের প্রচেষ্টার সমাপ্তি ঘটল। রোনাল্ডোর নাগালের বাইরেই থেকে গেল বিশ্বকাপ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ অধিনায়ক কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন হারের বিষয়টি তিনি তখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছিলেন। এরপর তিনি স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামালের সঙ্গে আলিঙ্গন সারেন এবং প্রতিপক্ষ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানান।
ম্যাচ-পরবর্তী করমর্দনের সময় আবেগ তাঁকে গ্রাস করে ফেলে। রোনাল্ডো কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেন এবং টানেল দিয়ে বেরিয়ে যান। প্রসঙ্গত, বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ এর ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে সি আর সেভেন ঘোষণা করে দেন, 'আমি জানি এই প্রশ্নটাই সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে অনেক সাংবাদিকের মনে। আমি বলে দিতে চাই যে এটাই আমার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। হ্যাঁ, এটাই শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।'
Author : দীপ মজুমদার

