কলকাতা: এবার মোবাইল ফোনের IMEI নম্বর বদলানো নিয়ে কড়া বার্তা দিল DoT বা কেন্দ্রের টেলি কমিউনিকেশন দফতর। তারা জানিয়েছে, মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন বা বিকৃত করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। টেলি যোগাযোগ পরিচয় সংক্রান্ত তথ্যের অপব্যবহার দেশের নাগরিক নিরাপত্তা এবং টেলিকম নেটওয়ার্কের সুরক্ষার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে বলেই এই সতর্কতা বলে জানিয়েছে দপ্তর।
: সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী, উদ্ধার ১২০০ শিশি নিষিদ্ধ কাফ সিরাপ
টেলি কমিউনিকেশন দফতর বা DoT জানিয়েছে, মোবাইলের International Mobile Equipment Identity বা IMEI নম্বর পরিবর্তন করা অথবা বিকৃত বা অননুমোদিত টেলি কমিউনিকেশন আইডেন্টিফায়ারযুক্ত ডিভাইস ব্যবহার করলে তা ২০২৩ সালের টেলিকমিউনিকেশন অ্যাক্ট অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই আইনের ৪২(৩)(সি) ধারায় টেলিকমিউনিকেশন আইডেন্টিফায়ারের সঙ্গে কারচুপি ঠেকানোর কথা বলা হয়েছে।
এছাড়াও, প্রতারণা, জালিয়াতি বা অন্যের পরিচয় ব্যবহার করে SIM কার্ড বা টেলিকমিউনিকেশন আইডেন্টিফায়ার সংগ্রহ করাও আইনের আওতায় অপরাধ। সংশ্লিষ্ট অপরাধগুলি জামিন অযোগ্য ধারার অধীনে বিচার করা হবে বলেও জানিয়েছে DoT। অর্থাৎ, এই ধরনের অপরাধে পুলিশ সরাসরি ব্যবস্থা নিতে পারে এবং জামিন পাওয়ার ক্ষেত্রেও আইনি জটিলতা তৈরি হতে পারে।
: পানাগড়ে ভস্মীভূত স্কুটারের শো-রুম, আগুনের কারণে আটকে পড়েন ওই বিল্ডিংয়ে থাকা একাধিক মানুষও
কেউ যদি এই ধরনের অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেন কিংবা উৎসাহ দেন, তাঁর বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। নাগরিকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা পরিবর্তনযোগ্য বা বিকৃত IMEI নম্বরযুক্ত মডেম, মডিউল, SIM বক্স কিংবা অন্য কোনও টেলিফোন যোগাযোগের যন্ত্র ব্যবহার না করেন, না কেনেন বা তৈরি না করেন।
নিজের নামে নেওয়া SIM কার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া নিয়েও সতর্ক করেছে DoT। সেই SIM ব্যবহার করে সাইবার প্রতারণা বা অন্য কোনও বেআইনি কাজ হলে মূল গ্রাহকও আইনি দায়ের মুখে পড়তে পারেন। মোবাইলের IMEI এবং সংযোগ সংক্রান্ত তথ্য যাচাই করতে নাগরিকদের Sanchar Saathi প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্র।
তথ্যসুত্র: IANS
Author : সুপ্রিয় ঘোষ

