মুম্বই: বাংলাদেশে সেই সময় রাজনৈতিক অস্থিরতা। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভে রক্ত ঝরছে। শেষ পর্যন্ত হাসিনা দেশ ছাড়েন। আশ্রয় নেন ভারতে। তারপরই ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতি হয়। বাংলাদেশে হিন্দু নিধন-নিপীড়নের আবহে আইপিএল থেকে বাতিল করা হয় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে।
প্রতিবাদে টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলবে না বলে জানায় বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন করে। তবে আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। তাদের বাদ দিয়েই হয় টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের পরিবর্তে নেওয়া হয় স্কটল্যান্ডকে।
এবার ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক মেরামত করতে চাইছে বাংলাদেশ। ভারত যাদে তাদের বিরুদ্ধে সিরিজ খেলে, সেই দাবি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তার কারণ দর্শিয়ে ভারতে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকার করেছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI-এর সঙ্গে তাদের সম্পর্ক জোড়া লাগানোর কথা বলেছে। বাংলাদেশের তরফে এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারিক রহমানের উদ্যোগে নেওয়া হচ্ছে বলেই খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCCI-কে একটি চিঠি লিখেছে, যেখানে দুই ক্রিকেট দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির উপর জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছ'টি ম্যাচের সাদা বলের সফর করা যায় কি না পুনরায় বিবেচনা করার জন্য বলেছে। যে সিরিডটি গত বছর অগাস্ট মাসে হওয়ার কথা ছিল। পরে সিরিজটি এ বছর সেপ্টেম্বর মাসে করার কথাও ভাবা হয়েছিল। যদিও বিদ্বেষের পরিস্থিতিতে সেটি বাতিল হওয়ার সম্ভাবনা জোরাল ছিল।
শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে আমিনুল ইসলাম বুলবুলের মেয়াদ শেষের দিকে। তারপর অন্তর্বর্তীকালীন বোর্ড দায়িত্ব নিতে পারে। তারপরই ভারতীয় বোর্ডের সঙ্গে সদ্ভাব ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে খবর।
আগামী বছর এশিয়া কাপ হবে বাংলাদেশে
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে এশিয়া কাপ আয়োজন করার কথা বাংলাদেশের। তবে ভারত খেলতে না চাইলে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কা বা দুবাইতে স্থানান্তরিত করা যেতে পারে, কারণ ভারতের তরফে বাংলাদেশে যেতে অস্বীকার করা হতে পারে বলেই কোনও কোনও মহলের দাবি। যদি টুর্নামেন্ট অন্য কোনও দেশে স্থানান্তরিত হয়, তবে এতে বাংলাদেশের বড় আর্থিক ক্ষতি হতে পারে।
যদিও বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত সিরিজে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে।
Author : ABP Ananda

