চেন্নাই: আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের আইপিএলে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে চেন্নাই সুপার কিংসের। পরপর দুই ম্যাচে হার। চোটের জন্য খেলছেন না মহেন্দ্র সিংহ ধোনি। সব মিলিয়ে প্রবল চাপে সিএসকে। আর চেন্নাই সুপার কিংসের টানা ব্যর্থতা দেখে ফুঁসছেন দলের এক পুরনো সৈনিক।
তিনি, আর অশ্বিন (Ravichandran Ashwin)।
চিপক স্টেডিয়াম চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। একটা সময় যে মাঠকে সিএসকে-র দুর্গ বলা হতো। এই মাঠে দুর্দান্ত সাফল্য রয়েছে চেন্নাইয়ের। অথচ সেই মাঠে পঞ্জাব কিংসের কাছে একপেশেভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস। যা দেখে ক্ষুব্ধ অশ্বিন। সাফ বলে দিচ্ছেন, এই খেলা দেখা যন্ত্রণার! অশ্বিন এ-ও জানিয়েছেন যে, কড়া সমালোচনা করায় সিএসকে সমর্থকদের কেউ যদি তাঁকে গালমন্দ করেন, তাও তিনি মেনে নেবেন।
প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ও পরের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে সিএসকে। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আমার দোষ ধরবেন না। আমি কোনও প্লেয়ারকে দোষারোপ করছি না। কিন্তু মাঝে মধ্যে বাইরে থেকে দেখে শান্ত থাকা যায় না। আপনারা জানেন এই দলই এক সময় কী ধরনের ছিল? আজ স্টেডিয়ামে বসে ম্যাচ দেখা, ধারাভাষ্যকারদের বক্সে বসে খেলা দেখা, সামনাসামনি, খোলামেলা দৃষ্টিভঙ্গি নিয়ে, আজ আমার ভীষণ করে মনে হল।'
অশ্বিন বলেছেন, 'মানুষ যা খুশি বলতে পারে, আমি পরোয়া করি না। আমার মূল্যায়ন করুন, গালমন্দ করুন, যা খুশি করুন, কিছু এসে যায় না। আমার কাছে চেন্নাই গর্বের। আপনারা যা খুশি ভাবুন। তাতে আমি তোয়াক্কা করি না। কিন্তু আজ যখন এই দলটাকে দেখছি, ১৫তম ওভারে যখন খেলা দেখছিলাম, সকলের কাঁধ ঝুলে গিয়েছিল। এটা দেখাটা ভীষণ যন্ত্রণাদায়ক। সত্যিই যন্ত্রণাদায়ক। অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ওদের শরীরী ভাষাই অন্যরকম হয়ে গিয়েছে। ভীষণ হতাশাজনক।'
ধোনির অভাব যে ফারাক গড়ে দিচ্ছে, সেটা মেনে নিয়েছেন অশ্বিন। বলেছেন, 'সংস্কৃতি বদলাও দলের। আমি বিশ্বাস করি এখনও এই দল সেরা চারে উঠতে পারি। শুধু সব কিছু ঠিকঠাক করতে হবে। ধোনি মাঠে ছিল না যেটা আক্ষেপের। ও থাকলে প্লেয়ারদের ভাল হতো। ড্রেসিংরুমে ও থাকলে আবহটাই বদলে যেত।'
অশ্বিন আরও বলেছেন, 'আমি যখন ক্রিকেট দেখি, যে মাঠে খেলেছি, যে দলের প্রতিনিধিত্ব করেছি, আমার কাছে তামিলনাড়ুর চেয়ে বড় কিছু নেই। আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফি জিততে না পারা।'
Author : ABP Ananda

