Dailyhunt
IPL 2026: নাগাড়ে জিতছে দল, তাও শাস্তি পাচ্ছেন শ্রেয়স, নির্বাসন থেকে এক ম্য়াচ দূরে পঞ্জাব কিংস অধিনায়ক?

IPL 2026: নাগাড়ে জিতছে দল, তাও শাস্তি পাচ্ছেন শ্রেয়স, নির্বাসন থেকে এক ম্য়াচ দূরে পঞ্জাব কিংস অধিনায়ক?

চেন্নাই: গত মরশুমে একেবারে শেষ ধাপে এসে স্বপ্নভঙ্গ হয়েছিল পঞ্জাব কিংসের। আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজিত হয়েছিল পঞ্জাব। তবে নতুন মরশুমে (IPL 2026) গত বারের থেকে একধাপ এগনোর লক্ষ্যে বদ্ধপরিকর পঞ্জাব এবং সেই লক্ষ্যে শুরুটাও বেশ ভালই করেছে কিংসরা।

তবে তাও শাস্তি পেয়েই চলেছেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শুক্রবার, ৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও দুরন্ত জয় পেয়েছে পঞ্জাব কিংস (CSK vs PBKS)। তবে সেই ম্যাচ জেতার পরেও শাস্তি পেলেন শ্রেয়স আইয়ার। আইপিএলের ২.২২ নিয়মবিধি লঙ্ঘন করায় শ্রেয়সের শাস্তি হল। তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নাগাড়ে দুই আইপিএল ম্যাচে নির্ধারিত সময়ে পঞ্জাব কিংস নিজেদের নির্ধারিত ওভার শেষ করতে না পারায় শ্রেয়সকে এত অঙ্কের জরিমানা করা হল।

অতীতে কোনও মরশুমের তিন ম্যাচে কোনও দল নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রাথমিকভাবে জরিমানা করার পর শাস্তি আরও কড়া হত। ২০২৪ সালে এই কারণেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল। তাহলে শ্রেয়সও নির্বাসন থেকে মাত্র এক ধাপ দূরে? উত্তর না। অতীতে এই নিয়ম লাগু হলেও, গত মরশুম থেকে নিয়মে বদল ঘটানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী শ্রেয়সের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস দল চলতি মরশুমে আরও একাধিকবার নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলেও তাঁকে নির্বাসিত হতে হবে না। বরং শ্রেয়সের জরিমানা বেড়ে ২৪ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ করা হবে। সিএসকের বিরুদ্ধে ম্যাচের পর অবশ্য কেবল শ্রেয়স নয়, গোটা পঞ্জাব কিংস দলই এর জন্য শাস্তি পেয়েছে। আইপিএলের তরফে জানানো হয় ওই ম্যাচের পর 'ইমপ্যাক্ট সাব' সহ গোটা পঞ্জাব কিংস দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ২৫ শতাংশ বা ছয় লক্ষ টাকা, যেটি কম হবে, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হবে।

সিএসকে বনাম পঞ্জাব কিংসের ম্যাচের কথা বলতে হলে পঞ্জাব কিংস আট বল বাকি থাকতেই সিএসকেকে পাঁচ উইকেটে পরাজিত করে। এই নিয়ে নাগাড়ে চারবার চিপকে সিএসকেকে হারাল পঞ্জাব কিংস। নাগাড়ে দুই ম্যাচ জিতে আপাতত লিগ তালিকার শীর্ষে রয়েছে পঞ্জাব।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda