মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু আইপিএলের মঞ্চে দেখা যাচ্ছে না তারকা অলরাউন্ডার উইল জ্যাকসকে। তাঁকে ছাড়াই মুম্বই খেলতে নামছে আইপিএলের মঞ্চে। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর কোচ মাহেলা জয়বর্ধনে খোঁজ করছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের।
আগামী ১২ এপ্রিল ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে হার্দিকের দল। সেই ম্য়াচে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে পাওয়ার বিষয় আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স হেডকোচ।
মুম্বই কোচ সাংবাদিক বৈঠকে এসে বলছেন, ''উইল এখনও স্কোয়াডে যোগ দেননি। কিন্তু আমি আশাবাদী দ্রুত ও দলের সঙ্গে যোগ দেবে।'' টি-টোয়েন্টি বিশ্বকাপের আটটি ম্য়াচে ২২৬ রান করেছিলেন ৬৫.৬০ গড়ে। স্ট্রাইক রেট ছিল ১৫৯.৫৬। বল হাতেও বেশ উল্লেখযোগ্য ছাপ রেখেছিলেন। মোট ৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন উইল জ্যাকস।
এদিকে, রাজস্থানের বিরুদ্ধে ২৭ রানে হারের পর সেই হার থেকে শিক্ষা নিতে চাইছেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পাণ্ড্য। বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারের ম্য়াচে রাজস্থান মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ রান বোর্ডে তুলেছিল। যা তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস।
নিলাম থেকে উইল জ্যাকসকেে ৫ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এখনও পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি ইংরেজ অলরাউন্ডার। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে অনুমতি নিয়ে নিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। কিন্তু এখনও পর্যন্ত আদৌ কবে যোগ দেবেন তিনি, তা নিয়ে কিছুই জানাননি।
রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ও বোলিং কোনও বিভাগই নজর কাড়তে পারেনি। বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরাক পর্যন্ত বৈভব সূর্যবংশীর কাছে এক ওভারে দুটো ছক্কা হজম করতে হয়েছিল। এমনকী দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট ২ অভিজ্ঞ পেসারও অনেক রান খরচ করেছিলেন। যার ফলে ১১ ওভারের ম্য়াচেও প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫০ রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান। আর এই রান তাড়া করতে নেমে যে দ্রুত গতির প্রয়োজন ছিল, তা দিতে পারেনি মুম্বইয়ের ওপেনাররা। রোহিত শর্মা ও রিয়ান রিকেলটন দুজনের কেউই বড় রান করতে পারেননি। প্রথম ৩ ওভারের মধ্য়েই তিনটি উইকেট হারায় মুম্বই। রিয়ান রিকেলটন আট রান করেন, সূর্যকুমার যাদব ৬ রান করে সন্দীপ শর্মার বলে আউট হন। পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে থাকা রবি বিষ্ণোই একই ওভারে দুটো উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ের আশায় জল ঢেলে দেন।
Author : ABP Ananda

