কলকাতা: আর্টিস্ট ফোরামের FIR-এর পর এবার তালসারি থানার অভিযোগ দায়ের করবেন প্রিয়ঙ্কা। তালসারি থানার পথে প্রিয়ঙ্কা সরকার, সঙ্গে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রিজেন্ট পার্ক থানায় বিকেলেই আর্টিস্ট ফোরাম FIR দায়ের করেছে। এবার তালসারি থানায় অভিযোগ করতে চলেছেন প্রিয়ঙ্কা। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে এই FIR-এ।
অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় FIR করা হয়েছে।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে? দায় কার? এই ধরণের নানাবিধ প্রশ্ন উঠে আসছে বার বার। তাই, রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে এবং জাস্টিস চেয়ে শনিবার আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। আর্টিস্ট ফোরামের দাবি, রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থারই। এবার রিজেন্ট পার্কের পর তালসারি থানাতেও অভিযোগ দায়ের করবেন প্রিয়ঙ্কা সরকার। তালসারি থানার পথে পাড়ি দিয়েছেন প্রিয়ঙ্কা, সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
প্রিয়াঙ্কার উপস্থিতিতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে আর্টিস্ট ফোরাম। অভিযোগ জানাতে প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস-সহ অন্যরা। পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এই অভিযোগ দায়ের করছেন তাঁরা। রাহুলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলও হয় শহরে। পা মেলান বহু কলাকুশলীরা। মিছিলে ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত. পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্তর, ঋষি কৌশিকরা। রাহুলের সাদা-কালো ছবি নিয়ে রাস্তায় হাঁটেন তাঁরা।
উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ভয়ঙ্কর কিছু তথ্য ও প্রোডাকশনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন জীতু কামাল। জীতু বলছেন, ''আমি ফোরামের মেম্বার। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাঁরা ফোরামের মেম্বার তাঁদের আমি গত ১৬ মার্চ বলেছিলাম যে একটা প্রোডাকশন হাউজের কাজ করতে গিয়ে আমি হাসাপাতালে ভর্তি হই। আবার আমাকে ডাকা হয়েছে সেখান থেকে যে শ্যুটিংটা শেষ করে যেতে। সেই একই জিনিসের মধ্য়েই আমাক ফেলা হয়। ধুলোবালিতে আমার শ্যুটিং করা বারণ ছিল। কিন্তু তা শোনেনি প্রোডাকশন হাউজ। আমাকে গালিগালাজও করা হয় শেষের দিন।'' ''আমি অনেক ফোরামের তাবড় তাবড় অভিনেতাদের, যাঁদের আমরা অভিভাবক বলি, তাঁদের ফোন করেছি, কথা বলতে চেয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমি আমার বক্তব্যের মধ্যেও লিখেছি যে আমাকে যদি ইন্ডাস্ট্রি ছেড়েও দিতে হয়, আমি ছেড়ে দেবো। অনেক গুণী, অভিনেতাদের অভিনেতাদের ক্ষেত্রেও তো এমন হয়েছে। আমার অসুবিধে নেই। আমি ছেড়ে চলে যাব। কিন্তু এর শেষে দেখে ছাড়ব আমি।''
Author : ABP Ananda

