Dailyhunt
KKR vs GT: সরু সুতোয় ঝুলছে কেকেআরের ভাগ্য, ইডেনে মহড়া শুরু গুজরাত টাইটান্সের, চনমনে শুভমনরা

KKR vs GT: সরু সুতোয় ঝুলছে কেকেআরের ভাগ্য, ইডেনে মহড়া শুরু গুজরাত টাইটান্সের, চনমনে শুভমনরা

ন্দীপ সরকার, কলকাতা: দুঃস্বপ্নের ইডেনই (Eden Gardens) যেন স্বস্তির হাতছানি নিয়ে দাঁড়িয়ে শুভমন গিলের (Shubman Gill) সামনে।

গত বছরের নভেম্বর মাসে যে মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল শুভমনের। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথমবার ক্রিকেটের নন্দনকাননে নেমেছিলেন শুভমন।

তাঁকে ততদিনে প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট বলা শুরু হয়ে গিয়েছে।অথচ সেই রাজপুত্রের রথের টাকা বসে গেল কি না ইডেনে!

যে মাঠ দুহাত ভরে উপহারে ভরিয়ে দিয়েছে মহম্মদ আজহারউদ্দিন, ভি ভি এল লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, বিরাট কোহলিদের, সেই মাঠেই কি না গোটা টেস্ট ম্যাচই খেলতে পারেননি শুভমন। ঘাড়ে এমন চোট পান যে, মাঠ থেকে স্ট্রেচারে চেপে হাসপাতালে যেতে হয়। হাসপাতালে ভর্তিও ছিলেন গিল। টেস্ট ম্য়াচে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কাছে কুৎসিতভাবে হেরে যায় ভারত। গ্লানি নিয়ে শহর ছাড়েন শুভমন।

একটা সময় এই মাঠ তাঁর ঘরের মাঠ ছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতেন। পরে সকল সমর্থকদের হতবাক করে দিয়ে শুভমনকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। যা নিয়ে বিতর্কও কম হয়নি।

সেই শুভমন শনিবার ইডেনে নামবেন টানা পাঁচ ম্যাচে জয়ের আত্মবিশ্বাসকে বুকপকেটে নিয়ে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। আইপিএলে প্লে অফের দৌড়ে দারুণভাবে রয়েছে গুজরাত টাইটান্স। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারালেই প্লে অফ নিশ্চিত। আত্মবিশ্বাসে টগবগ করছে গোটা শিবির।

ম্যাচের দু'দিন আগে, বৃহস্পতিবার থেকে ইডেনে প্র্যাক্টিসে নেমে পড়ল গুজরাত টাইটান্স। এদিন সন্ধ্যায় ইডেনে এসে গা ঘামালেন গুজরাতের ক্রিকেটারেরা। তবে ঐচ্ছিক প্র্যাক্টিস থাকায় শুভমন, রশিদ খান কিংবা মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডারা আসেননি। কোচ আশিস নেহরার তত্ত্বাবধানে প্র্যাক্টিস করলেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, আর্শাদ খান, গ্লে ফিলিপ্সরা। পিচও পর্যবেক্ষণ করলেন তাঁরা।

শনিবার কেকেআরের কাছে মরণ-বাঁচন ম্যাচ। রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে ফিরেছে কেকেআর। প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ। আর সেটাও বাঁচিয়ে রাখতে হলে শনিবার জিততেই হবে। পরাজয় মানেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া। শুক্রবার প্র্যাক্টিসে নামবেন অজিঙ্ক রাহানেরা। দুরন্ত গুজরাতের জয়রথ কি থামাতে পারবেন নাইটরা?

ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ

শনিবার ইডেনে কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ দেখার জন্য রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানাল সিএবি। বৃহস্পতিবার সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন।

Author : সন্দীপ সরকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda