কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে হাতেগুনে আর বাকি মাত্র কয়েকটা দিন। এ রাজ্যে নিরাপদে ভোট করাতে এবার তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী যেমন আনা হয়েছে, সেই সঙ্গে বুথ এবং সংলগ্ন এলাকার জন্য একগুচ্ছ নিয়মাবলীও তৈরি করেছে কমিশন। এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একের পর এক বৈঠক চলছে সিইও- র।
এবার পশ্চিমবঙ্গে ২ দফায় হবে বিধানসভা নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৬ রাজ্যে ১৫২ আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ হবে। আর ভোটের গণনা হবে আগামী ৪ মে।
অবজার্ভারদের সঙ্গে সিইও-র এই বৈঠক নিয়ে একরাশ অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, এবার ভোটে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। আর অবজার্ভারদের সঙ্গে সিইও- র বৈঠক করা নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন CEO. কমিশন সূত্রে খবর, কুণাল ঘোষের মন্তব্য, অভিযোগ, কটাক্ষের পাল্টা সিইও- র তরফে বলা হয়েছে, 'CEO বৈঠক করতেই পারেন, কুণাল ঘোষ ঠিক করবেন না। আবার বৈঠক করব।' কমিশন সূত্রে খবর, আজ রবিবার আসানসোল যাচ্ছেন CEO মনোজ কুমার আগরওয়াল। আধিকারিকদের পাশাপাশি অবজার্ভারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
অবজার্ভারদের সঙ্গে সিইও- র বৈঠক প্রসঙ্গে কী বলেছেন কুণাল ঘোষ
কুণাল ঘোষ বলেছেন, 'প্রায় ১০-১২টি বৈঠক করে ফেলেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে। সরাসরি হচ্ছে, ভার্চুয়াল হচ্ছে। দু'ভাবেই হচ্ছে। আমাদের কাছে সব তথ্যই আছে। সময় এলে পার্টির তরফ থেকে সবটা প্রকাশ করে দেওয়া হবে। এই বৈঠকগুলোতে পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে। তাঁদের প্রভাবিত করা হচ্ছে। একই সঙ্গে প্ররোচনা দেওয়া হচ্ছে। কী... না পুরোপুরি বিজেপির হয়ে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে তাদের প্রার্থীরা, তাঁদের উপর অ্যাকশন নিতে হবে। নানা রকমের অ্যাকশন। ব্যাতিব্যস্ত করে রাখতে হবে। অর্থাৎ যেটুকু যা প্রশাসন ওরা রদবদল করার পরেও আছে, সেটাকে হাইজ্যাক করতে নেমেছে নির্বাচন কমিশন, সেই জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপর চাপ তৈরি করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে, যেটা করা নৈতিক ভাবে, আইনি ভাবে অন্যায়। নিরপেক্ষতার ক্ষেত্রে তো ছেড়েই দিলাম।'
তবে কুণাল ঘোষের এইসব কথা মানতে নারাজ সিইও। উল্টে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অবজার্ভারদের সঙ্গে সিইও বৈঠক করতেই পারেন। বৈঠক করা যাবে কিনা, তা কুণাল ঘোষ ঠিক করে দেবেন না।
Author : ABP Ananda

