Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kylian Mbappe: 'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে

Kylian Mbappe: 'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে

নিউ ইয়র্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ষোলোর ম্যাচে মাঠে প্যারাগুয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফ্রান্সের। সেই ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। মাঠে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। বারবার প্যারাগুয়ের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে।

বিশেষ করে প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিলের সঙ্গে বারবার বচসায় জড়ান এমবাপে। পেনাল্টি থেকে গোল করার পর তাঁকে দেখে অঙ্গভঙ্গিও করেন ফরাসি তারকা।

আর তারপরই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। অভিযোগ, প্যারাগুয়ের এক সেনেটর, সেলেস্তে আমারিল্লা এমবাপের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। যার কড়া প্রত্যুত্তর দেন এমবাপেও। এখন শোনা যাচ্ছে ফরাসি ফুটবলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্যারাগুয়ের রাজনীতিবিদ।

প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় 'বর্ণবিদ্বেষী' মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে আমারিল্লার বিরুদ্ধে।যদিও সাংবাদিক বৈঠক করে সুর আরও চড়িয়েছেন প্যারাগুয়ের সেনেটর। জানিয়েছেন, তিনি লিঙ্গবৈষম্যের শিকার হয়েছেন। আমারিল্লা বলেছেন, 'লিঙ্গবৈষম্য ও রাজনৈতিকভাবে হিংসা ছড়ানোর জন্য আমি ওর বিরুদ্ধে মামলা করতে পারি। ওর উচিত আমার কাছে ক্ষমা চাওয়া।'

শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে এমবাপে পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচে ওই একটিই গোল হয়। সেই ম্যাচের পরই আমারিল্লা এক্স হ্যান্ডলে লেখেন, 'এমবাপে উপনিবেশিত ক্যামেরুনের, যে নিজেকে ফরাসি বলে তুলে ধরার চেষ্টা করছে।' তিনি এমবাপেকে 'পাশবিক' বলেও ব্যাখ্যা করেন এবং জানান যে প্যারাগুয়ের ফুটবলারদের উচিত ছিল তাঁকে 'চড় মারা'।

কড়া প্রতিক্রিয়া দেন এমবাপে। তিনি বিবৃতিতে লেখেন, 'সেলেস্তে আমারিল্লা ম্যাডাম, আপনি ঘৃণ্য মহিলা, যে পদে রয়েছেন সেখানে থাকার অযোগ্য। প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করছেন না আপনি, কারণ প্যারাগুয়ে আবেগ আর সম্মান দিয়ে বিশ্বকাপ খেলেছে। আপনার মন্তব্যে প্যারাগুয়ে দল বিশ্বকাপে যা অর্জন করেছে তা নষ্ট হচ্ছে। আপনি বিশ্বের দরবারে আপনার দেশের সবচেয়ে খারাপ ছবি তুলে ধরলেন।'

জবাবে আমারেল্লা বললেন যে, এমবাপের মন্তব্য লিঙ্গবৈষম্যমূলক। বলেছেন, 'আমার অভিযোগ দায়ের করার যথেষ্ট কারণ রয়েছে।'

ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, আমারেল্লার বিরুদ্ধে অপরাধমূলক ধারা আনা হতে পারে। একেবারেই গ্রহণযোগ্য নয় তাঁর মন্তব্য। বিবৃতিতে তারা বলেছে, 'এই মন্তব্য অপরাধমূলক ও নিন্দনীয়।'

তবে নিজের দেশের সরকারের কাছেও সমালোচিত হয়েছেন আমারেল্লা। প্যারাগুয়ে সরকার জানিয়েছে, তারা সেনটরের মন্তব্য অনুমোদন করে না। জবাবে আমারেল্লা জানিয়েছেন, তিনি নিজের কথা ফিরিয়ে নেবেন, তবে শর্ত, এমবাপেকেও নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে।

Author : সন্দীপ সরকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda