ত্রিশূর: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘটনা অনেককেই মানসিকভাবে ধাক্কা দিয়েছে। তার মধ্য়ে মেসি সমর্থকরা তো রয়েইছেন, এছাড়াও আছেন অনেক তারকা ফুটবলাররাও। ভারতের প্রাক্তন ফুটবলার আইএম বিজয়নও একজন মেসিভক্ত। আর্জেন্তিনার বিশ্বজয়ী ক্যাপ্টেনের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর তাঁকে বিশ্ব ফুটবলের এক অনন্য ও বিরল বিস্ময় বলে বর্ণনা করেছেন বিজয়ন।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মেসির অবসর প্রসঙ্গে বিজয়ন বলেন, 'বিশ্ব ফুটবলে লিওনেল মেসির মত ফুটবলার আর নতুন করে খুঁজে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। মেসিহীন আর্জেন্তিনা, মেসিহীন ফুটবল বা মেসিহীন বিশ্বকাপ ভাবতেও কষ্ট হয়। পুরো বিশ্ব ফুটবলে তিনি যে জাদুকরী ছাপ রেখে গেছেন তা চিরস্মরণীয়।'
২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। সেবার আর্জেন্তিনা ম্য়াচ হারার পর মেসি আচমকাই ২৯ বছর বয়সে অবসর নিয়ে নিয়েছিলেন ফুটবল থেকে। কিন্তু এরপর সেই অবসর ভেঙে ফিরে এসেছিলেন। বাকিটা ইতিহাস। দেশের জার্সিতে পরপর ট্রফি জেতা শুরু করেছিলেন মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপও জেতে মেসির নেতৃত্বে। ২০১৬ সালে অবসর নেওয়ার পর যেভাবে নিজের সিদ্ধান্ত বদলে ফের ফিরে এসেছিলেন মাঠে, বিজয়ন আশা রাখছেন তেমন কিছু মিরাক্যাল যদি ফের হয়।
ফিফা বিশ্বকাপ থেকে ব্যাঁল ডি অর। মেসির অসামান্য সব কৃতিত্বের কথা উল্লেখ করে বিজয়ন আরও বলেন, 'বিশ্বকাপ জেতা থেকে ব্যাঁল ডি অর জয়, মেসি তাঁর কেরিয়ারে সবকিছুই অর্জন করে নিয়েছেন। এটা খুব দুঃখের যে ও বাবাকে হারিয়েছে সম্প্রতি। ওর বাবা প্রতি সময়ে মাঠে যেতেন ছেলের খেলার দেখার জন্য়। আমার মনে হয় বাবাকে হারানোটাই ওর অবসর নেওয়ার অন্য়তম কারণ। নইলে এভাবে আচমকা ফুটবল ছাড়ার কথা ঘোষণা করতেন না মেসি।'
মেসি নিজেও সে কথাই বলেছেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। বাবার মৃত্যুই যে তাঁর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে, তা উল্লেখ করেছিলেন আর্জেন্তাইন সুপারস্টার। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। মোট আটটি গোল করেন ও চারটি অ্য়াসিস্টও করেছিলেন। বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্য়াচ ছিল আলজিরিয়ার বিরুদ্ধে। সেই ম্য়াচেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। যদিও শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের বিরুদ্ধে আটকে যায় আর্জেন্তিনা। রানার্স আপ হওয়ার পর মাঠেই হাপুস নয়নে কেঁদে ফেলেছিলেন মেসি।
Author : গৌতম রায়

