হায়দরাবাদ : অন্ধ্রপ্রদেশের ক্লোরোকুইন ট্যাবলেট খাওয়ার পর মর্মান্তিক পরিণতি। প্রতিবছর এই সময়টাতে রাজ্যে বাড়ে ম্যালেরিয়ার প্রকোপ। হাসপাতাল ভরে যায়। সেই পরিস্থিতিতেই একটি গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়েছিল। তারপরই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। ম্যালেরিয়া আটকানোর ওষুধ খেতেই একের পর এক মানুষ হয়ে পড়ল অসুস্থ।
মৃত্যু হল সাত বছর বয়সী এক শিশুও। আরও ৫২ জন অসুস্থ হয়ে এলাকার দুটি হাসপাতালে ভর্তি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বেশ কয়েকজন। অনেকের শারীরিক অবস্থা গুরুতর।
অন্ধ্রপ্রদেশের পোলাভরাম জেলার গোল্লাগুপ্পা গ্রামটি তেলঙ্গানা সীমান্তের কাছাকাছি। বর্ষার এই সময়টাতেই এখানে বাড়ে ম্যালেরিয়ার প্রকোপ। রোগ প্রতিরোধের সরকারি উদ্যোগের অংশ হিসেবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়েছিল। আধিকারিকরা জানিয়েছেন, মোট ৭১ জনকে ওই অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ দেওয়া হয়। ট্যাবলেট খাওয়ার পর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে প্রশাসনের উদ্যোগে ২৯ জনকে তেলেঙ্গানার একটি হাসপাতালে এবং আরও ২৪ জনকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
ক্লোরোকুইন ম্যালেরিয়া রুখে দেওয়ার একটি ওষুধ। ম্যালেরিয়ার পরজীবীর বিরুদ্ধে কাজ করে সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে এই ওষুধ। তবে ক্লোরোকুইনের ব্যবহার ও মাত্রা রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে। গোল্লাগুপ্পার ঘটনায় সেই নিয়ম মানা হয়েছিল কি? খতিয়ে দেখা হচ্ছে। বয়স অনুযায়ী নির্ধারিত মাত্রায় ওষুধ দেওয়ার কথা ছিল। তারপরও কেন এতজন অসুস্থ হয়ে পড়লেন, তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
বর্ষাকালে মশাবাহিত রোগের প্রকোপ অনেক এলাকায় বেড়ে যায়। সেই কারণেই ম্যালেরিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। গোল্লাগুপ্পাতেও ম্যালেরিয়া সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যকর্মীরা গ্রামে যান এবং ক্লোরোকুইন দেন। কিন্তু তারপরই একসঙ্গে বহু মানুষের অসুস্থ হয়ে পড়েন। ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হল, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক এবং পোলাভরাম জেলার কালেক্টরের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ রোগী ভাল আছেন। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

