পোর্ট অফ স্পেন: মুকুটে নতুন পালক যুক্ত হল সুনীল নারাইন, কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভোর। ক্যুইন্স পার্ক ওভালে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তিন ক্যারিবিয়ান কিংবদন্তির নামে নতুন স্ট্যান্ডের নামকরণ হল। ত্রিনিদাদ ও টোবাগোর ৬৪ তম স্বাধীনতা দিবসে এই বিশেষ ঘোষণা করা হল। ক্যুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
সেখানে তিনটি স্ট্যান্ডের নতুন নামকরণ করা হল নারাইন, পোলার্ড ও ব্র্যাভোর নামে।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই তিন তারকা ক্রিকেটার। আর তিনজনেই জন্মসূত্রে ত্রিনিদাদ অ্য়ান্ড টোবাগোর ক্রিকেটার। তাই ঘরের ছেলেদের সম্মান দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের জার্সিতে ছাড়াও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন নারাইন, পোলার্ড ও ব্র্যাভো। কায়রন পোলার্ড বিশ্বব্যাপী মোট ৭০০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। ১৪ হাজার রান ঝুলিতে পুরেছেন তিনি। এছাড়াও ৩৩০ উইকেটও নিয়েছেন।
এই ফর্ম্য়াটের অন্য়তম সফল অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তিনি তাঁর কেরিয়ার শেষ করেছন ৬৩১ উইকেট ও ৭০০০ রান ঝুলিতে পুরে। অন্য়দিকে অভিজ্ঞ সুনীল নারাইনকে বিশ্বের মিস্ট্রি স্পিনার হিসেবে বলা হয়। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন কেকেআরের তারকা ক্রিকেটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসেও সর্বাধিক উইকেট শিকারি নারাইনই।
তিন ক্যারিবিয়ান কিংবদন্তিই বর্তমানে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স শিবিরে রয়েছেন। পোলার্ড ও নারাইন দু'জনেই প্লেয়ার হিসেবে খেলছেন। অন্য়দিকে ব্র্যাভো দলের কোচিং ইউনিটের সঙ্গে রয়েছেন।
আইপিএলের মঞ্চে ডোয়েন ব্র্যাভো চেন্নাই ও মুম্বইয়ের হয়েই মূলত সাফল্য বেশি পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের প্লেয়ার হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন ব্র্যাভো। খেলোয়াড় হিসেবে ৪ বার ও কোচ হিসেবে ১ বার। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দু'বার পার্পল ক্যাপের অধিকারী ছিলেন। অন্য়দিকে কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার হিসেবেই পাঁচবার আইপিএল জিতেছেন। টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার হিসেবে ৬০০-র বেশি ম্যাচ খেলার অবিশ্বাস্য কীর্তি রয়েছে ।
সুনীল নারাইন ২০১২ সালে কেকেআরে যোগ দেন। এরপর থেকে ২০১৩, ২০১৪ ও ২০২৪ তিনটি মরশুমে আইপিএলে নাইটদের জয়ের অন্য়তম কারিগর ছিলেন এই ডানহাতি স্পিনার।
Author : গৌতম রায়

