Dailyhunt
Noboborsho Wishes: নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়জনকে, কী লিখবেন ?

Noboborsho Wishes: নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়জনকে, কী লিখবেন ?

বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। আপামর বাঙালি এই উৎসবে মেতে থাকলেও, এটি যে শুধু বাঙালির নয়, তা হয়ত আমরা অনেকেই জানিনা। ভারতের যে সব অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে মানে, সেই সব অঞ্চলেই পালিত হয় নববর্ষ।

জাতি, বর্ণ, ধর্ম এবং আঞ্চলিক বৈচিত্র অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি সকল মানুষের কাছেই একটি আনন্দ উৎসবের দিন। এই উৎসবটি কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয়, আসাম, ত্রিপুরা, ওড়িশা এবং সারা বিশ্বে বসবাসকারী বাঙালিদের ঘরে ঘরে উদযাপিত হয়। পয়লা বৈশাখে গ্রামীণ সংস্কৃতির ধারা মেনে বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলাও হয়। যা প্রায় এক সপ্তাহ জুড়ে চলে। কোলাকুলি, পরস্পরকে আলিঙ্গন ও মেসেজের মাধ্যমে বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান।

কোন অঞ্চলে কী নামে পালিত হয় এই উৎসব?
উত্তর ও মধ্য ভারতে - বৈশাখী।
আসাম - রঙ্গালি বিহু।
তামিলনাড়ু - তামিল পুঠান্ডু।
কেরালা - বিষু।
ওড়িশা - বিষুব সংক্রান্তি
পশ্চিমবঙ্গে - পয়লা বৈশাখ।

প্রিয়জনকে শুভেচ্ছা বার্তায় পাঠান রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অমূল্য উক্তি ও বাণী

১. "নিশি অবসানপ্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিসনে, আজি জীর্ণ জীবন করিলাম লয় আপন চরণে।" - শুভ নববর্ষ।

২. "হে চিরনূতন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।" - শুভ নববর্ষ।

৩. ''বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে, পুরাতন অপরাধ যত। '' - শুভ নববর্ষ।

৪. "নব বৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে, হে ভারত, লব শিক্ষা।" - শুভ নববর্ষ।

৫. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।" — নতুন বছরের নতুন অঙ্গীকার, শুভ নববর্ষ।

৬. "আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…" - শুভ নববর্ষ

এবারের নববর্ষ কত সালে পা দিচ্ছে ? ১৪৩২ না ১৪৩৩?

অতীতের সমস্ত ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে বৈশাখ নতুন করে শুরু করার আহ্বান জানায়। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ আপামর বাঙালির অন্যতম ও প্রধান একটি সাংস্কৃতিক উৎসব। এবছর, বাংলা তারিখ ১ বৈশাখ ১৪৩২ নয়, ১৪৩৩ বঙ্গাব্দ। বাঙালি ব্যবসায়ীরা পহেলা বৈশাখে নতুন আর্থিক বছর হিসেবে শুরু করেন। এদিন লক্ষ্মী ও গণেশকে পুজো করে হালখাতা শুরু করা হয়। নতুন পোশাকে, মুখ মিষ্টি করে, আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে বাঙালি।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda