কলকাতা: সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এবার রেললাইনে বসানো হচ্ছে আন্ডার-ফ্রেম ক্যামেরা। ট্রেনের নিচে কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ ধরা পড়লেই সেই ছবি ও তথ্য পৌঁছে যাবে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কাছে। আরপিএফ (Railway Protection Force) সূত্রে খবর, এর আগে একাধিকবার ট্রেনের নিচে জিনিসপত্র বেঁধে পাচারের অভিযোগ সামনে এসেছে।
সেই ধরনের ঘটনা ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন ক্রসওভার পয়েন্টে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। রেল পুলিশের সঙ্গে এই সব জায়গায় নজরদারি চালাবে বিএসএফ (Border Security Force)। যৌথভাবে অভিযান চালানোর পাশাপাশি ড্রোনের ব্যবহারও বাড়ানো হচ্ছে।
: ১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি
জেলা স্তরের মনিটরিং কমিটিতেও রেলকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু ক্যামেরার উপর নির্ভর না করে, বিভিন্ন সেকশনে হেঁটে রেললাইন পরীক্ষা করবেন আরপিএফ (Railway Protection Force) -এর সিনিয়র আধিকারিকরা। একই সঙ্গে বাড়ানো হচ্ছে এফআরএস বা ফেসিয়াল রিকগনিশন সিস্টেমযুক্ত ক্যামেরার সংখ্যাও।
রেল পুলিশ (Railway Protection Force) -এর দাবি, এই প্রযুক্তির সাহায্যে অতীতেও একাধিক অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবার দুই স্টেশনের মধ্যবর্তী রেললাইনের পাশেও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, থাকবেন রাজ্যের সব পুরসভার প্রতিনিধিরা
আরপিএফ (Railway Protection Force) -এর আইজি অমিয়নন্দন সিনহা বলেন, 'সব জায়গায় এফআরএস ক্যামেরা বসানো হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হল, কোনও অপরাধীর ছবি যদি আমাদের কাছে থাকে এবং সে ক্যামেরার নজরদারির আওতায় আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অ্যালার্ট পৌঁছে যায়। এর ফলে অপরাধী ও সমাজবিরোধীদের উপর আমাদের নজরদারি আরও তীক্ষ্ণ হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে একাধিক অপরাধীকে শনাক্ত করে পুলিশকেও তথ্য দেওয়া হয়েছে। ফলে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।'
লাইভ মনিটরিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রয়োজনে ক্যামেরায় ধরা পড়া ছবি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Author : সুপ্রিয় ঘোষ

