সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । সিএবি থেকে প্রতিনিধি হিসাবে সৌরভের নাম পাঠিয়ে দেওয়া হল । ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে এজিএমে সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ ।
২৫ অগাস্ট বোর্ড থেকে সমস্ত সদস্য সংস্থাকে চিঠি পাঠিয়ে প্রতিনিধিদের নাম পাঠাতে বলা হয়েছিল । ৩১ অগাস্ট সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিনিধির নাম পাঠাতে হতো বোর্ডের অনুমোদিত সংস্থাগুলিকে । বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-তে খোঁজ নিয়ে জানা গেল, নির্ধারিত সময়েই প্রতিনিধির নাম পাঠিয়ে দেওয়া হয়েছে । প্রতিনিধি হিসাবে সিএবি প্রেসিডেন্ট সৌরভের নামই জমা পড়েছে বোর্ডে ।
এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় মূল আকর্ষণ আইপিএল গভর্নিং কাউন্সিলের দুটি পদে নির্বাচন নিয়ে । যদিও আইপিএল গভর্নিং কাউন্সিলে কোনও বদল হবে না বলেই খবর ।
খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের আসন্ন বার্ষিক সাধারণ সভায় মোট ৩৫ পূর্ণ সদস্যের মধ্যে ৩১টি সংস্থা প্রতিনিধিত্ব করবে । বিভিন্ন কারণে বোর্ডের সাধারণ সভায় বিহার, অরুণাচল প্রদেশ, হায়দরাবাদ ও মেঘালয় রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি থাকবে না । মহারাষ্ট্র ক্রিকেট সংস্থায় ডামাডোল চলছে । সেখানে এখন আদালত নিযুক্ত প্রশাসক দায়িত্বে । আদালত নিযুক্ত সেই প্রশাসক গোবিন্দ সনপ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাবেন । বেঙ্কটেশ প্রসাদ কর্নাটক ক্রিকেট সংস্থার, সৌরভ তিওয়ারি ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার, উন্মেষ খানভিলকর মুম্বই ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করবেন ।
বোর্ডের এজিএমে ২০২৫-২৬ মরশুমের হিসেব পেশ করা হবে । সেই সঙ্গে ২০২৬-২৭ মরশুমের সম্ভাব্য খরচ পেশ করে তা নিয়েও আলোচনা হবে । জুনিয়র নির্বাচকদের পদে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । ৫ সেপ্টেম্বর জুনিয়র নির্বাচক (জুনিয়র ক্রিকেট কমিটি) পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন । মনে করা হচ্ছে ১৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে সেই জুনিয়র নির্বাচক কমিটিতে কাদের নেওয়া হচ্ছে সেটাও চূড়ান্ত করা হবে ।
Author : সন্দীপ সরকার

