Dailyhunt
আমেরিকায় সাইবার হানার  আশঙ্কা! ইরান সমর্থিত গোষ্ঠীগুলির নিশানায় বিভিন্ন সরকারি দফতর, সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা

আমেরিকায় সাইবার হানার আশঙ্কা! ইরান সমর্থিত গোষ্ঠীগুলির নিশানায় বিভিন্ন সরকারি দফতর, সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা

গোয়েন্দা সূত্রে খবর, হান্ডালা নামে ইরান সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার ছক কষছে। এই গোষ্ঠী মার্কিন চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্ট্রাইকারের দফতরে হানা দিয়েছিল।

প্রতিনিধিত্বমূলক ছবি।

যুদ্ধবিরতি ঘোষণার পরই আমেরিকায় সাইবার হানার আশঙ্কা বাড়ছে।

আর এই আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে সে দেশে গোয়েন্দা সংস্থা এফবিআই, এনএসএ এবং সিআইএসএ। গোয়েন্দা সূত্রে খবর, আমেরিকার সরকারি দফতর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে নিশানা বানাতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। হ্যাকারেরা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে।

গোয়েন্দাদের কাছ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরই সরকারি দফতরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু'দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তা হলে মানচিত্র থেকে গোটা দেশকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর পরই ইরান সমর্থিত গোষ্ঠীগুলির হ্যাকারেরা সক্রিয় হয়ে ওঠে। আমেরিকার বিভিন্ন দফতরগুলিকে নিশানা করার পরিকল্পনা করে। কিন্তু তার আগেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে খবর, হান্ডালা নামে ইরান সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার ছক কষছে। এই গোষ্ঠী মার্কিন চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্ট্রাইকারের দফতরে হানা দিয়েছিল। এ বারও সেই গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠছে। কিন্তু তার আগেই মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা জারি করলেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। তার পর এক মাস পেরিয়ে গিয়েছে। অবশেষে বুধবার যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১০ এপ্রিল থেকে আলোচনার টেবিলে বসবে বিবদমান দুই দেশ। আপাতত দু'সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika