Dailyhunt
অ্যালেনের শতরানে খুশি, তবে দিল্লিকে হারানোর কৃতিত্ব বোলারদেরই  দিলেন রাহানে, জানালেন কলকাতার ঘুরে দাঁড়ানোর কারণও

অ্যালেনের শতরানে খুশি, তবে দিল্লিকে হারানোর কৃতিত্ব বোলারদেরই দিলেন রাহানে, জানালেন কলকাতার ঘুরে দাঁড়ানোর কারণও

শুক্রবার শতরান করে দিল্লির বিরুদ্ধে কেকেআরকে কার্যত একার হাতে জেতালেন ফিন অ্যালেন। ম্যাচের পর তাঁর ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। জয়ের আসল কৃতিত্ব যে বোলারদেরই সেটা জানাতে ভুললেন না।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

— ফাইল চিত্র।

পর পর চারটি ম্যাচ জিতে আইপিএলে প্লে-অফের দৌড়ে চলে এসেছে কেকেআর। শুক্রবার তারা হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। শতরান করে দলকে কার্যত একার হাতে জেতালেন ফিন অ্যালেন। ম্যাচের পর অ্যালেনের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে দলের জয়ের আসল কৃতিত্ব যে বোলারদেরই সেটা জানাতে ভুললেন না।

আইপিএলের শুরুতে কয়েকটি ম্যাচে খারাপ খেলায় বসিয়ে দেওয়া হয়েছিল অ্যালেনকে। প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই শতরান করলেন। রাহানের কথায়, 'আমি খুব খুশি অ্যালেনের খেলায়। প্রথম চার-পাঁচ ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল। তার পর কঠোর পরিশ্রম করে দলে ফিরেছে। আজ যে ভাবে খেলেছে তাতে প্রচণ্ড খুশি।'

একটু থেমে রাহানে বললেন, 'আমি বোলারদের প্রশংসা করতে চাই। ওদের জন্যই আমরা ভাল খেলতে পেরেছি। ধারাবাহিক ভাবে ভাল খেলছে বোলারেরা। বিশেষ করে মাঝের দিকে এবং শেষের ওভারগুলোয়। আমাদের তিন স্পিনারই দুর্দান্ত বল করেছে। তবে ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার। ফিল্ডিং কোচ খুবই কড়া। সেটাই সাহায্য করছে। যে সব ক্যাচ নিচ্ছি বা ফিল্ডিং করছি তার কৃতিত্ব ফিল্ডিং কোচেরই।'

দলে ফিরে আসার নেপথ্যেও বোলারদের পারফরম্যান্সই উল্লেখ করেছেন রাহানে। তাঁর কথায়, 'প্রথম পাঁচ ম্যাচে জিততে না পারলেও ভাল খেলেছি। আসলে একটু সচেতন হলে, বাড়তি পরিশ্রম করলে, খেলাটা নিয়ে ভাবলে দলেরই ভাল হবে। বোলিং কোচ টিম সাউদি এবং ডোয়েন ব্র্যাভোকে কৃতিত্ব দিতে চাই। অনেক দিন ধরে বোলারদের নিয়ে পড়ে রয়েছেন ওঁরা। খুব খুশি অনুকূলের জন্য। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। কার্তিক ত্যাগীর মানসিকতা দেখেও ভাল লাগছে। খুব আত্মবিশ্বাসী। এই দু'জনের কথা আলাদা করে বলতেই হবে।'

যাঁর কথা না বললেই নয়, সেই সুনীল নারাইনও চলে এসেছেন আলোচনায়। দিল্লির স্পিনারেরা যেখানে ভূরি ভূরি রান দিয়েছেন সেখানে নারাইন চার ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন। রাহানের কথায়, 'আমি নারাইনকে একা ছেড়ে দিই। অধিনায়ক হিসাবে নারাইন এবং বরুণকে পাওয়া ভাগ্যের। ওদের খুব বেশি কিছু বলতে হয় না। নারাইন প্রতি দিন কিছু না কিছু শেখে। প্রত্যেক অনুশীলনে ও তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এটা মাঠেও আমাদের অনেক সাহায্য করে। যখনই ওকে বলি, 'সানি এ বার তোমায় বল করতে হবে', কখনওই পিছু হটে না। সব সময় বল করার জন্য তৈরি।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika