Dailyhunt
বন্দে ভারতে 'খারাপ' খাবার নিয়ে প্রতিবাদ, প্রতিবন্ধী যাত্রীকে হেনস্থার অভিযোগ ক্যাটারিং কর্মীদের বিরুদ্ধে, ভাইরাল ভিডিয়ো

বন্দে ভারতে 'খারাপ' খাবার নিয়ে প্রতিবাদ, প্রতিবন্ধী যাত্রীকে হেনস্থার অভিযোগ ক্যাটারিং কর্মীদের বিরুদ্ধে, ভাইরাল ভিডিয়ো

খাবার খারাপ হওয়া নিয়ে অভিযোগ করেছিলেন। তার জেরেই প্রতিবন্ধী যাত্রীকে হেনস্থা করলেন বন্দে ভারত এক্সপ্রেসের ক্যাটারিং কর্মীরা! তেমনটাই দাবি করে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটি দূরপাল্লার ট্রেন।

দাবি, সেটি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের বাইরে এক জন প্রতিবন্ধী যাত্রী দাঁড়িয়ে। এমন সময় ট্রেন থেকে নেমে এসে ওই যাত্রীকে ধাক্কা দেন এক যুবক। প্ল্যাটফর্মে পড়ে যান যাত্রী। দাবি উঠেছে, ওই যুবক ট্রেনের ক্যাটারিং কর্মী। ট্রেনে খারাপ খাবার সংক্রান্ত অভিযোগ তোলার কারণেই নাকি ওই যাত্রীকে ধাক্কা মারেন ক্যাটারিং কর্মী। এমন সময় আরও এক যুবক ট্রেন থেকে নেমে আসেন। তাঁরও শরীরে ওই ক্যাটারিং কর্মীর মতো একই পোশাক। যাত্রীর উদ্দেশে হুমকির ভঙ্গিমায় কিছু বলতে থাকেন তাঁরা। এর পরে ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে উঠে দাঁড়ান যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি ঘটেছে চারবাগ রেলস্টেশনে। মিরাট সিটি এবং বারাণসীর মধ্যে চলাচলকারী ২২৪৯০ নম্বর ট্রেন কিছু ক্ষণের জন্য থামে স্টেশনটিতে। তখনই ঘটনাটি ঘটে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে 'মগধ আপডেটস' নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। ক্ষোভপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। ক্যাটারিং কর্মী বলে দাবি ওঠা ওই যুবকদের শাস্তি চেয়ে সরব হয়েছেন তাঁরা। তীব্র প্রতিক্রিয়ার জবাবে, উত্তর রেলওয়ের লখনউ বিভাগ সমাজমাধ্যমে ঘটনাটির কথা স্বীকার করেছে। রেল কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছেন, এক জন বিশেষ ভাবে সক্ষম যাত্রী এবং ক্যাটারিং কর্মীর মধ্যে তর্কবিতর্ক হয়েছিল। ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika