Dailyhunt
চোট সারিয়ে ফিট এনগিডি, স্বস্তি দিল্লি শিবিরে, প্রতিপক্ষদের মাথাব্যথা বাড়িয়ে অনুশীলনে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার

চোট সারিয়ে ফিট এনগিডি, স্বস্তি দিল্লি শিবিরে, প্রতিপক্ষদের মাথাব্যথা বাড়িয়ে অনুশীলনে নেমে পড়লেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার

দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে পুরোদমে অনুশীলন করছেন লুঙ্গি এনগিডি। উইকেট ভেঙে চেনা ভঙ্গিতে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

লুঙ্গি এনগিডি। —ফাইল চিত্র।

চোট সারিয়ে ফিট লুঙ্গি এনগিডি।

স্বস্তি ফিরল দিল্লি ক্যাপিটালস শিবিরে। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। গত ২৫ এপ্রিল পঞ্জাব কিংস ম্যাচে ক্যাচ ধরার সময় মাথায় এবং ঘাড়ে চোট পেয়েছিলেন এনগিডি।

চোট পাওয়ার পর এনগিডি নিজে উঠতে পারছিলেন না। খানিকটা অচেতন হয়ে পড়েছিলেন। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর ঝুঁকি নেওয়া হয়নি। অরুণ জেটলি স্টেডিয়াম থেকে অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডর করে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে এনগিডির বেশ কিছু পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানিয়েছিলেন ভয়ের কিছু নেই। কয়েক দিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। চিকিৎসকদের আশ্বাসে কিছুটা উদ্বেগমুক্ত হন ক্রিকেটপ্রেমীরা। পরের দিন ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেন এনগিডি নিজেও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ''আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। সব ভাল আছে।''

হাসপাতাল থেকে দলের হোটেলে ফেরার পর বিশ্রামে ছিলেন এনগিডি। অনুশীলন করেননি। সব কিছু খতিয়ে দেখার পর বৃহস্পতিবার থেকে আবার অনুশীলন করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে পুরোদমে অনুশীলন করছেন এনগিডি। উইকেট ভেঙে চেনা ভঙ্গিতে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। ওই ভিডিয়োয় নিউ জ়িল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনকে বলতে শোনা গিয়েছে, ''এনগিডি ফিরে এসেছে। আবার ফিরে এসেছে।'' ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। এই ম্যাচে এনগিডি খেলবেন কি না, তা জানা যায়নি। আইপিএলে দিল্লির হয়ে ছ'টি ম্যাচ খেলে ৭টি উইকেট পেয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছিল পঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে। অক্ষর পটেলের বল প্রিয়াংশ আর্য তুলে মেরেছিলেন। পিছনের দিকে ছুটতে ছুটতে ক্যাচ ধরতে যান এনগিডি। ক্যাচ ধরতে পারেননি। খারাপ ভাবে মাটিতে পড়ে যান। তাঁর মাথা মাটিতে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে মাটিতে শুয়ে পড়েছিলেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika