Dailyhunt
মাত্র ১৮ হাজারে বেঙ্গালুরুতে মাস চালানোর 'নিনজা টেকনিক'! নেটপাড়ায় ভাগ করে নিলেন ২২ বছরের তরুণী

মাত্র ১৮ হাজারে বেঙ্গালুরুতে মাস চালানোর 'নিনজা টেকনিক'! নেটপাড়ায় ভাগ করে নিলেন ২২ বছরের তরুণী

দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহরে মাত্র ১৮ হাজার টাকায় মাস চালানো সম্ভব? শুনে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু সেই কাজই করে দেখিয়েছেন এক তরুণী। বেঙ্গালুরুতে জীবনযাপন প্রায়শই ব্যয়বহুল বলে মনে করা হয়। বিশেষ করে কর্মজীবন শুরু করা তরুণ-তরুণীদের জন্য। তবে, এক ইন্টার্ন মাত্র ১৮,০০০ টাকার সীমিত বাজেটে কী ভাবে তাঁর মাসিক খরচ সামলান সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদের।

ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর এক মাসের খরচ নিয়ে তথ্য দিচ্ছেন সমাজমাধ্যমে। তিনি কী ভাবে তাঁর খরচ পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ও ব্যক্তিগত খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখেন তা ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়। অ্যামি অরোরা নামের ওই তরুণী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে জানিয়েছেন, তিনি একটি পেয়িং গেস্ট (পিজি) অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানে তাঁর মাসিক ভাড়া ৭,২০০ টাকা। জানান এটাই তাঁর মাসের বড় খরচ। মেসে থাকার ফলে আলাদা ফ্ল্যাটের চড়া ভাড়া গুনতে হয় না তাঁকে। প্রতি দিন খাবারের জন্য আয়ের আরও একটি অংশ খরচ হয়। খরচ কম রাখতে তিনি মেসের খাবার খান। প্রতি মাসে খাবারের জন্য ৩,৬০০ টাকা ব্যয় করতে হয়।

অফিস যাতায়াত প্রসঙ্গে অ্যামি জানান, এই খাতে তাঁর খরচ সীমিত। কারণ তাঁকে সপ্তাহে মাত্র দু'দিন অফিসে যেতে হয়। তাঁর মাসিক যাতায়াত খরচ প্রায় ১,৬০০ টাকা। বাজেট মেনে চলা সত্ত্বেও, তিনি ব্যক্তিগত খরচের জন্য কিছু টাকা আলাদা করে রাখেন। বাইরে খেতে ও খাবার অর্ডার করতে প্রায় ২,০০০ টাকা এবং অনলাইন কেনাকাটায় প্রায় ২,০০০ টাকা ব্যয় করেন। এ ছাড়া কেনাকাটা এবং অন্যান্য ছোটখাটো খরচের জন্য প্রায় ১,৫০০ টাকা আলাদা করে রাখেন।

অ্যানির খরচের ফিরিস্তি শুনে তাঁর প্রশংসাই করেছেন নেটাগরিকেরা। তাঁরা জানিয়েছেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বেঙ্গালুরুতেও খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ''আপনার খরচ খুবই যুক্তিসঙ্গত এবং বাজেটের মধ্যেই আছে।'' দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ''এটা তো অনেক সস্তা, আমি এর চেয়ে অনেক বেশি খরচ করেছি।''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika