Dailyhunt
ওজন কমানো থেকে হজম ভাল করা, শিশিভর্তি সুস্বাদু জিরের হজমিগুলি বানাবেন কী ভাবে

ওজন কমানো থেকে হজম ভাল করা, শিশিভর্তি সুস্বাদু জিরের হজমিগুলি বানাবেন কী ভাবে

পুষ্টিগুণে ভরপুর মশলা দিয়ে হজমি বানিয়ে শিশি ভরে রেখে দিতে পারেন। বাড়ির ছোট-বড় সকলে খেতে পারেন। শিখে নিন ধাপে ধাপে।

জিরে দিয়ে বানানো হজমি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাসে-ট্রেনে, রাস্তাঘাটে হজমিগুলি কিনে খাওয়ার অভ্যাস রয়েছে?

এমন মুখরোচক, স্বাস্থ্যকর হজমি ঘরেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানানো হজমিগুলিতে অতিরিক্ত পুষ্টি যোগ করতে চাইলে জিরের সাহায্য নিতে পারেন। পুষ্টিগুণে ভরপুর মশলা দিয়ে হজমি বানিয়ে শিশি ভরে রেখে দিতে পারেন। বাড়ির ছোট-বড় সকলে খেতে পারেন। অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন এবং প্রদাহরোধী গুণে সমৃদ্ধ জিরে হজমকে উন্নত করে, ওজন কমাতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ত্বকের স্বাস্থ্যরক্ষার জন্যেও জিরে কার্যকর। তাই জিরে দিয়ে হজমি বানানোর প্রক্রিয়া শিখে নিন।

জিরের গুণে ভরপুর হজমিগুলি। ছবি: সংগৃহীত

উপকরণ

এক কাপের এক-চতুর্থাংশ জিরে

১ টেবিল চামচ গোলমরিচগুঁড়ো

২ টেবিল চামচ আমচুর

১ টেবিল চামচ সৈন্ধব লবণ

আধ টেবিল চামচ বিটনুন

৫ টেবিল চামচ লেবুর রস

১ কাপ চিনির গুঁড়ো (গুড়ের গুঁড়োও ব্যবহার করতে পারেন)

ধাপে ধাপে শিখে নিন জিরের হজমিগুলি বানানোর প্রক্রিয়া

· শুকনো খোলায় জিরে ভেজে নিন। জিরের মধ্যে কোনও প্রকার আর্দ্রতা থাকলে তা শুষে নেবে তাপ। পাশাপাশি, এই প্রক্রিয়ার ফলে জিরের মেয়াদও বাড়বে।

· ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ঢেলে মিহি করে পিষে নিন।

· এ বার তার সঙ্গে মিশিয়ে দিন গোলমরিচ, বিটনুন, সৈন্ধব লবণ, আমচুর এবং চিনির গুঁড়ো। চাইলে অল্প হিংও মেশাতে পারেন।

· অনেক ক্ষণ ধরে একটি বাটিতে এই মশলাগুলি মেশাতে হবে চামচ দিয়ে। তার পর লেবুর রস ঢেলে একটু ঘন করতে হবে।

· এ বার হাতে করে পাকিয়ে ছোট ছোট বলের আকৃতি দিতে হবে।

· বলগুলির উপর অল্প চিনির গুঁড়োর প্রলেপ দিয়ে দিতে হবে।

এ ভাবেই নিমেষে প্রস্তুত হয়ে গেল সুস্বাদু, স্বাস্থ্যকর, মুখরোচক হজমিগুলি। শিশিতে রেখে বেশ কিছু দিন ধরে খেতে পারেন এগুলি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika