Dailyhunt
পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রবল ঝড়বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার করে লরিতে ধাক্কা গাড়ির, ভিডিয়ো ভাইরাল

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রবল ঝড়বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার করে লরিতে ধাক্কা গাড়ির, ভিডিয়ো ভাইরাল

গন্নাথ দর্শন করে পুরী থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। গাড়ি নিয়ে পুরী গিয়েছিলেন তাঁরা। বাড়ি ফেরার পথে রাস্তায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি উড়ে গিয়ে ডিভাইডার পার করে অন্য রাস্তায় পাল্টি খেয়ে পড়ে যায়।

তখনই অন্য দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

'ডেডলি কলেশ' নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাদা রঙের টয়োটা ইনোভা ব্র্যান্ডের গাড়ি ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার করে অন্য সড়কে পাল্টি খেয়ে পড়ে। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

লরির ধাক্কায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে নীচে পড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রবিবার বিকেল ৫টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকায় ঘটেছে। পুরীতে জগন্নাথ দর্শন করে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। জানা গিয়েছে, গাড়ির তিন জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika