Dailyhunt
সকালে উঠে এক চামচ ভিজানো কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস  বদলে দেবে স্বাস্থ্য, কী তফাত হবে?

সকালে উঠে এক চামচ ভিজানো কুমড়োর বীজ খাওয়ার অভ্যাস বদলে দেবে স্বাস্থ্য, কী তফাত হবে?

নিয়ম করে জলে ভেজানো কুমড়োর বীজ যদি কেউ একমাস খান, তা হলে তার শরীরের কোন কোন বদল আসবে?

সকালে উঠে কেউ খান মৌরি ভেজানো জল, কেউ খান লেবু-মধুর জল। উপকারী দুটোই। তবে এই সব বাদ দিয়ে যদি কেউ কুমড়োর বীজ ভিজিয়ে খান, তবে কী উপকার হতে পারে?

· কুমড়োর বীজে রয়েছে ট্রিপটোফ্যান নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা শরীর সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন নিঃসরণে সহায়তা করে। এই দুই হরমোনই মেজাজ নিয়ন্ত্রণে সাহায্যকারী। অবসাদ বা মানসিক চাপ কমাতে তাদের ভূমিকা রয়েছে। সেরোটোনিন স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতেও সাহায্য করে। ফলে নিয়ম করে কুমড়োবীজ ভিজিয়ে খেলে মন ফুরফুরে থাকবে। কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ফ্যাট, ফাইবার। ম্যাঙ্গানিজ়, কপার, ম্যাগনেশিয়ামের অত্যন্ত ভাল উৎস হল এই বীজ।

· অনেক সময়েই মূত্রথলিতে প্রস্রাব ধরে রাখা কষ্টকর হয়, বিশেষত বয়স্কদের। যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। কুমড়োবীজ সেই সমস্যা কিছুটা হলেও কমাতে সাহায্য করে।

· ভেজানো কুমড়োবীজ রক্তচাপ বশে রাখতে সাহায্য করবে, কোলেস্টেরল কমাতেও তা সহায়ক। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্টের অসুখের ঝুঁকি কমায় এই বীজ। রজোনিবৃত্তির পরে মহিলাদের রক্তচাপের মাত্রা ওঠানাম করে। তা ঠিক রাখতেও সাহায্য করে কুমড়োর বীজ। ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে তা সহায়ক।

· রক্তে শর্করার মাত্রা বশে রাখতেও সাহায্য করে কুমড়োবীজে থাকা ফাইবার। এমনকি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরেও রক্তে চট করে শর্করা বাড়তে পারে না দৈনন্দিন খাদ্যতালিকায় এক চামচ ভেজানো কুমড়োবীজ থাকলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika