Dailyhunt
শুরু অজুহাতের পালা! কাদের জন্য হার পঞ্জাবের কাছে? দলের দুই ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক

শুরু অজুহাতের পালা! কাদের জন্য হার পঞ্জাবের কাছে? দলের দুই ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন চেন্নাই অধিনায়ক

ঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৯ রান করেও হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। হারের পর দলের দুই ক্রিকেটারকে নিশানা করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

রুতুরাজ গায়কোয়াড়। ছবি: পিটিআই।

এখনও জয় অধরা চেন্নাই সুপার কিংসের। হারতে হয়েছে পর পর দুই ম্যাচ।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৯ রান করেও হেরেছে চেন্নাই। হারের পর দলের দুই ক্রিকেটারকে নিশানা করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর মতে, এই দুই ক্রিকেটারের জন্যই হারতে হয়েছে তাঁদের।

রুতুরাজের নিশানায় দলের দুই স্পিনার রাহুল চাহার ও নুর আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় জেমি ওভারটন, গুরজপনীত সিংহের মতো দুই পেসার থাকলেও স্পিনার চাহারের উপর ভরসা দেখায় চেন্নাই। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি বলে জানিয়েছেন রুতুরাজ।

খেলা শেষে চেন্নাইয়ের অধিনায়ক বলেন, 'আমাদের দলে তিন পেসার ছিল। তাই ভেবেছিলাম, দুই রিস্ট স্পিনারকে খেলাব। মনে হয়েছিল, দু'জন মাঝের ওভারে বল করলে আমাদের সুবিধা হবে।'

কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগেনি। রুতুরাজ বলেন, 'দু'জনেরই দিনটা ছিল না। সেটাই আমাদের ডোবাল। কখনও পরিকল্পনা খুব ভাল ভাবে কাজে লাগে। আবার কখনও কাজে লাগে না। পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয়টা হয়েছে। সেই কারণেই হারতে হয়েছে।'

রুতুরাজের মতে, মাঝের ওভারে উইকেট তুলতে পারলে খেলার রাশ তাঁদের হাতে থাকত। কিন্তু দুই স্পিনার সেটা করতে পারেননি। চেন্নাইয়ের অধিনায়ক বলেন, 'একটা সময় ছিল যখন প্রয়োজনীয় রানরেট ১১ করে ছিল। সেই সময় কয়েকটা ওভার চাপে রাখতে পারলে প্রয়োজনীয় রানরেট বেড়ে ১২-১৩ হয়ে যেত। উইকেট পড়লে চাপ আরও বাড়ত। সেটা আমরা পারলাম না। ওদের চাপে রাখতে পারলাম না।'

চেন্নাইয়ের দুই স্পিনার আট ওভারে ৮৪ রান দেন। কোনও উইকেট পাননি তাঁরা। দলের তিন পেসার ১০.৪ ওভারে ১২৫ রান দেন। পেসারেরা বেশি রান দিলেও চারটে উইকেট নিয়েছেন। স্পিনারেরা সেটা পারেননি। সেই কারণেই হয়তো হারের জন্য স্পিনারদের দায়ী করেছেন রুতুরাজ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika