Dailyhunt
তপ্ত বৈশাখে বিয়ে, আত্মীয়দের ঠান্ডা রাখতে শোভাযাত্রায় 'হাঁটানো' হল একের পর এক কুলার! ভাইরাল 'বড়লোকি' ভিডিয়ো

তপ্ত বৈশাখে বিয়ে, আত্মীয়দের ঠান্ডা রাখতে শোভাযাত্রায় 'হাঁটানো' হল একের পর এক কুলার! ভাইরাল 'বড়লোকি' ভিডিয়ো

বাইরে চাদিফাঁটা রোদ। ছাতা, রোদচশমা ছাড়া বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তা বলে বিয়েবাড়িতে তো সেজেগুজে না গেলে চলে না। যতই রোদ থাক, বিয়ের শোভাযাত্রায় বরের গাড়ির আগে আগে হেঁটে যাওয়ার মজাই আলাদা। তাই এক ভারতীয় পরিবার অভিনব কায়দা খুঁজে বার করলেন। বিয়ের শোভাযাত্রায় সারি ধরে নিয়ে চললেন একের পর এক কুলার।

অদ্ভুত সেই শোভাযাত্রার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় বিয়ের সাজে হেঁটে যাচ্ছেন বেশ কিছু লোক। পিছনে রয়েছেন চকমকে, রংবেরঙের শাড়ি পরা মহিলারা। সকলের মুখে আঁকা চওড়া হাসি। বৈশাখের গরমের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটার সময় কারও মুখে কোনও বিরক্তির লেশমাত্র নেই। রোদের তীব্রতা নিয়ে অভিযোগও নেই। কারণ আত্মীয়দের নিন্দা করার কোনও সুযোগ দেওয়া হয়নি। বিয়ের শোভাযাত্রায় আলো, ব্যান্ডপার্টির সঙ্গেই জায়গা করে নিয়েছে কুলার। হেঁটে চলা মানুষের উভয় পাশে কুলারও এগিয়ে চলেছে। চাকাযুক্ত ছোট গাড়ির মতো জিনিসে করে একের পর এক কুলার নিয়ে যাওয়া হচ্ছে। দু'পাশে থাকা কুলারের সারির মধ্য দিয়ে হেঁটে চলেছেন বিয়েবাড়ির লোকজন। সেই কুলারগুলির উপর লাগানো রয়েছে ঝাড়বাতি। বিয়ের অন্য রকম শোভাযাত্রার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

'রসনি_হোরসে_ফার্ম_দেওয়াস' নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখেছেন। ইতিমধ্যে সাত লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ''টাকা থাকলে কত কিছুই না করা যায়।'' অপর এক নেটাগরিক এটিকে 'বছরের সেরা আবিষ্কার'-এর তকমা দিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika