নিজস্ব প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে রাজ্যে পুর নির্বাচন নয়। এমনই ইঙ্গিত দিল রাজ্য নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতির মধ্যেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু বহুদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এরাজ্যের পুরসভায় ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও হেলদোল নেই। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে এখনই পুরসভা নির্বাচন হওয়ার কোনও উদ্যোগ নেওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। রাজ্যে বকেয়া পুরভোট কবে হবে তা নিয়ে দুপক্ষই আশ্চর্য জনক ভাবে নীরবতা পালন করছে। করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে পুরভোট হবে না, তেমনই ইঙ্গিত মিলেছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।কমিশনের দাবি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পশ্চিমবঙ্গে পুর ভোট করাতে তারা তৈরি।আগীমা বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।
করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলেই যাতে পুর ভোট করানো যায় সেই লক্ষ্যেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের কথাবার্তা চলছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিকে কলকাতায় পুরভোট কবে হবে তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন জনৈক শরদকুমার সিংহ। আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে আদালতে কী জবাব দেবে তা ঠিক করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে ঠিক হয়েছে, "তারা ভোট করাতে তৈরি বলে আদালতে জানাবে রাজ্য নির্বাচন কমিশন। গত এপ্রিলেই রাজ্যে পুরভোট করার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে শেষ মুহূর্তে স্থগিত হয় ভোট। মার্চে করোনা পরিস্থিতি বাড়াবাড়ি হতে শুরু হলে সর্বদল বৈঠক ডাকে কমিশন। সেখানে পুরভোট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে গত ৭ মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়। একে একে মেয়াদ ফুরায় রাজ্যের অধিকাংশ পুরসভার। কলকাতা পুরসভায় বিদায়ী মেয়রকে প্রধান করে প্রশাসনিক কমিটি গঠন করে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হলেও সরকারি সিদ্ধান্তেই শিলমোহর দেন বিচারক। এরই মধ্যে মেয়াদ ফুরায় কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ পুরবোর্ডের। সেই সব জায়গায় প্রশাসনিক বোর্ড নিয়োগ করেছে রাজ্য সরকার।

