Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মছলন্দপুরে তৃণমূল নেতার জমিতে অস্ত্রের ভাণ্ডার ! মাটির তলা থেকে উদ্ধার বন্দুক ও কার্তুজ, ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার ২৭ লক্ষ টাকা ও ১৯০টি দলিল

মছলন্দপুরে তৃণমূল নেতার জমিতে অস্ত্রের ভাণ্ডার ! মাটির তলা থেকে উদ্ধার বন্দুক ও কার্তুজ, ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার ২৭ লক্ষ টাকা ও ১৯০টি দলিল

নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে তোলপাড় রাজনৈতিক ও প্রশাসনিক মহল। এক তৃণমূল নেতার জমিতে তল্লাশি চালিয়ে মাটির নীচে লুকিয়ে রাখা একটি বড়সড় অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেল পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি দোনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ। একটি ব্যাগের ভেতরে ভরে এই সমস্ত আগ্নেয়াস্ত্র ও গুলি মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল।

এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনাটি ঘটেছে স্থানীয় তৃণমূল নেতা অজিত সাহার জমিতে। তবে শুধু অস্ত্রই নয়, এই ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতি এবং বিপুল সম্পত্তিরও যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। এর আগে গত বুধবারই ওই তৃণমূল নেতার ভাই সুজিত সাহার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তারও আগে সুজিতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ৬৬০ রাউন্ডের বেশি গুলি, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছিল।

পুলিশি তদন্তে আরও জানা গেছে, তৃণমূল নেতা অজিত সাহার ভাই সুজিত সাহার বাড়ি থেকে নগদ টাকা ও গুলির পাশাপাশি আরও ১৯০টি জমির দলিল উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বিগত কয়েক বছরে গোবরডাঙা ও মছলন্দপুর এলাকায় প্রচুর জমির মালিক হয়ে উঠেছিল সুজিত সাহা। সাধারণ মানুষের জমি জোর করে লিখিয়ে নেওয়া বা বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে এই বিপুল সম্পত্তি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এক ভাইয়ের জমিতে মাটির তলায় অস্ত্রের ডিপো এবং অন্য ভাইয়ের বাড়িতে নগদ টাকার পাহাড় ও দলিলের হদিস মেলায় শাসকদলের স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। ঘটনার তদন্তে গতি বাড়িয়েছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ANM News