মো. মতিউল হক: রাজনীতিতে মতপার্থক্য থাকবে, মতাদর্শ নিয়ে বিতর্কও চলবে। গণতান্ত্রিক সমাজে কোনও রাজনৈতিক দর্শনই সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু সেই সমালোচনা যখন তথ্য, যুক্তি ও অধ্যয়নের পরিবর্তে ব্যক্তিগত বিদ্বেষ, অজ্ঞতা কিংবা রাজনৈতিক কটাক্ষের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তা সুস্থ রাজনৈতিক চর্চার পরিবর্তে বৌদ্ধিক দৈন্যতার পরিচয় বহন করে।
কার্ল মার্কসকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে যে ধরনের আলোচনা ও মন্তব্য দেখা দিয়েছে ,তা এই প্রশ্নটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কার্ল মার্কস কেবল একটি রাজনৈতিক দলের নন। তিনি একদিকে ছিলেন দার্শনিক, অন্যদিকে অর্থনীতিবিদ, ইতিহাসচিন্তক এবং সমাজব্যবস্থার বিশ্লেষক। তাঁর চিন্তার সঙ্গে একমত হওয়া বা না-হওয়া ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। কিন্তু তাঁর অবদান, তত্ত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে যথাযথ ধারণা ছাড়া তাঁকে বিচার করতে যাওয়া কোনো শিক্ষিত মানুষের পরিচয় নয়।
মার্কসের চিন্তার কেন্দ্রে ছিল সমাজের শ্রেণিবিভাজন, উৎপাদনব্যবস্থা, শ্রমের মূল্য, পুঁজির সঞ্চয় এবং মানুষের সঙ্গে অর্থনৈতিক কাঠামোর সম্পর্ক। পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকের অবস্থান, সম্পদের কেন্দ্রীয়করন এবং অর্থনৈতিক বৈষম্য নিয়ে তাঁর বিশ্লেষণ আজও বিশ্বজুড়ে অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।
মার্কসকে বুঝতে হলে তাঁর রচনা পড়তে হবে, তাঁর সময়ের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি জানতে হবে এবং তাঁর চিন্তার পরবর্তী ব্যাখ্যাগুলিকেও আলাদাভাবে বিচার করতে হবে। মার্কসের তত্ত্বকে চ্যালেঞ্জ করা যায় , প্রগতিশীল রাজনীতির সীমাবদ্ধতাও তুলে ধরা যায়। কিন্তু মার্কসবাদ পড়া যাবে না বা এ-সংক্রান্ত বই বিক্রি করা যাবে না-এমন দাবি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক পরিসরের পরিপন্থী। বইয়ের বক্তব্যের জবাব বই ও যুক্তি দিয়ে দেওয়াই রাজনৈতিক সুস্থতার পরিচয়।
পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে বুক স্টল দেওয়া সিপিএমসহ বিভিন্ন বামপন্থী দল ও সংগঠনের দীর্ঘদিনের রীতি। সাধারণ মানুষের আগ্রহ সব সময় খুব বেশি না থাকলেও, এই স্টলগুলি বই, রাজনৈতিক মতাদর্শ ও বিকল্প চিন্তার পরিচিত পরিসর। তাই বুক স্টলকে ঘিরে শাসকের হুঙ্কার, আপত্তি এবং বিভিন্ন স্থানে হামলা বা বাধা দেওয়ার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে-আক্রোশটা ঠিক কোথায়!
ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়, ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে স্বাধীন চিন্তা, মার্কসীয় দর্শন ও প্রগতিশীল মতাদর্শের সংঘাত নতুন নয়। ১৯৩৩ সালের ১০ মে নাৎসি জার্মানিতে বই পোড়ানোর ঘটনা তার এক ভয়াবহ দৃষ্টান্ত। কার্ল মার্কসের রচনা থেকে শুরু করে ইহুদি লেখক, সমাজতন্ত্রী, কমিউনিস্ট ও শান্তিবাদী চিন্তাবিদদের বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কেবল কিছু বই ধ্বংস করাই ছিলো না; বরং ভিন্নমত, স্বাধীন বুদ্ধিবৃত্তি ও বিকল্প চিন্তার পরিসরকে দমন করা।
২০২৬ সালের পশ্চিম বঙ্গের বিধানসভা সাধারণ নির্বাচনে বিজেপি ২০৭টি এবং তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়েছে; সিপিআই(এম) পেয়েছে মাত্র একটি আসন। ত্রিপুরা থেকে অনেক আগেই ক্ষমতাচ্যূত হয়ে সর্বশেষ কেরলমেও সিপিএম তথা এলডিএফকে সরিয়ে ইডিএফ ক্ষমতা দখল করেছে। সাম্প্রতিক নির্বাচনগুলোর এই ফলাফল বাম রাজনীতির সামনে অস্তিত্ব, জনসংযোগ ও আদর্শের বাস্তব প্রয়োগ নিয়ে কঠিন প্রশ্ন তুলে দিয়েছে।
কিন্তু সিপিএমসহ অন্যান্য বাম দলগুলোর এই নির্বাচনী ফলাফল দিয়ে মার্কসীয় দর্শনের মূল্যায়ন করা সমীচীন নয়। কারণ, সিপিএম মানেই মার্কসবাদ-এমনটা মনে করার কোনও কারণ নেই। সারা বিশ্বে সিপিএম বা অন্য কোনও প্রচলিত কমিউনিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত না থেকেও মার্কসবাদী মানুষের অভাব নেই। মার্কসবাদ কোনও নির্দিষ্ট দলের একচেটিয়া সম্পত্তি নয়; এটি সমাজ, অর্থনীতি ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণের একটি সমালোচনামূলক পদ্ধতি। তাই কোনও দলের নির্বাচনী সাফল্য বা ব্যর্থতাকে সরাসরি মার্কসীয় দর্শনের সাফল্য বা ব্যর্থতা হিসেবে দেখলে বিশ্লেষণটি সরলীকৃত হয়ে যায়।
পৃথিবীর বিভিন্ন দেশে বহু সংগঠন, ব্যক্তি, শ্রমিক আন্দোলনের কর্মী ও সমাজকর্মী মার্কসীয় চিন্তায় বিশ্বাস রেখে শ্রমজীবী মানুষের মুক্তি, শোষণের অবসান এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করছেন। তাঁদের অনেকেই নির্বাচনী রাজনীতির বাইরে থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের কাজকে উপেক্ষা করে মার্কসবাদকে কেবল একটি দলের রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে এক করে দেখা বিবেক বুদ্ধির সংকীর্ণতা।
দলের উত্থান-পতন ইতিহাসের অংশ, কিন্তু শোষণমুক্তির আকাঙ্ক্ষা ইতিহাসের এক চলমান লড়াই।মার্কসবাদ কোনও একটি দলের সাফল্য-ব্যর্থতার নিরিখে নয়, মানুষের জীবনে তার প্রাসঙ্গিকতা ও মুক্তির সংগ্রামে বিচার করতে হবে। কারণ এটি সমাজ, অর্থনীতি ও শ্রেণিসম্পর্ককে বিশ্লেষণ করার একটি পদ্ধতি;শোষণ ও বৈষম্যের উৎস অনুসন্ধান এবং সমাজ পরিবর্তনের এক ঐতিহাসিক চিন্তাধারা।তাই মতাদর্শের বিচার হোক জ্ঞানের আলোয়, বিদ্বেষের অন্ধকারে নয়।

