Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lovlina Borgohain: মানচিত্রে নেই উত্তর-পূর্ব ভারত! গ্লাসগোয় প্রতিবাদ লাভলিনার

Lovlina Borgohain: মানচিত্রে নেই উত্তর-পূর্ব ভারত! গ্লাসগোয় প্রতিবাদ লাভলিনার

Glasgow Commonwealth Games 2026: ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারত নেই! কমনওয়েলথ গেমস ২০২৬ চলাকালীন ভারতের বক্সিং দলের সতীর্থদের সঙ্গে গ্লাসগোর এক রেস্তোরাঁয় খেতে গিয়ে এই ঘটনা দেখতে পেয়েই প্রতিবাদে সরব হলেন লাভলিনা বর্গোহাঁই (Lovlina Borgohain)। শনিবার ভারতের বক্সাররা অসাধারণ পারফরম্যান্স দেখান।

তাঁরা একদিনে সাতটি সোনা জেতেন। লাভলিনা রুপো পান। এই সাফল্য উদযাপন করার জন্য দলের সবাই মিস্টার সিং'স ইন্ডিয়া-দ্য হোম অব কারি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে লাভলিনা দেখতে পান, ন্যাপকিনে ছাপানো ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারত নেই। এতে তিনি আহত হয়েছেন বলে জানান এই বক্সার। তিনি ভারতের মানচিত্রের এই ভুল শুধরে নেওয়ার দাবি জানান।

ভুল মানচিত্র দেখে হতাশ লাভলিনা

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লাভলিনা বলেছেন, 'দয়া করে আমার কথা ভুলভাবে নেবেন না। বিষয়টি আমাকে একটু কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। হ্যাঁ, বাইরে যে মানচিত্রটি লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্বকে বাদ দেওয়া হয়েছে। আমি উত্তর-পূর্ব ভারতের মানুষ, তাই বিষয়টি আমাদের খুবই কষ্ট দেয়। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। আশা করি, পরের বার বিষয়টি মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ।' লাভলিনার বক্তব্যকে সমর্থন করেন বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া (BFI)-এর সভাপতি অজয় সিং। তিনি জানান, মানচিত্রে জম্মু ও কাশ্মীরও সম্পূর্ণভাবে দেখানো হয়নি। তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ভুল নকশাটি সরিয়ে ভারতের স্বীকৃত ভৌগোলিক সীমানা অনুযায়ী সঠিক মানচিত্র ব্যবহার করার আহ্বান জানান। গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁটি বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াদল ও বিশিষ্ট ব্যক্তিদের আতিথ্য দিয়ে আসছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

বক্সারদের অসাধারণ সাফল্য

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে এবারই সেরা সাফল্য পেল ভারত। শনিবার ভারতের মহিলা বক্সাররা পাঁচটি সোনা জিতে নজির গড়েন। পুরুষ বক্সাররা জোড়া সোনা জেতেন। লাভলিনা অবশ্য মহিলাদের ৭০ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রির কাছে ৪-১ ব্যবধানে হেরে রুপো পান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla