টেলিভিশনের জনপ্রিয় জুটি তেজস্বী প্রকাশ আর করণ কুন্দ্রার ৭.৬৩ কোটি টাকার নতুন বাড়ির অন্দরমহলের ছবি দেখেছেন? যা নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
টেলিভিশনের অন্যতম চর্চিত জুটি তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা প্রথমবার তাঁদের মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ির দরজা খুলে দিলেন ফ্যানেদের জন্য।
তেজস্বী প্রকাশ আর করণ কুন্দ্রার মুম্বাইয়ের বাড়িটি এখন আলোচনার কেন্দ্রে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম প্রায় ₹৭.৬৩ কোটি। বাড়ির ইন্টিরিয়র মডার্ন ডিজাইন, আরামদায়ক পরিবেশ আর লাক্সারির এক দারুণ মেলবন্ধন।এই জুটি একটি হোম ট্যুর ভিডিওর মাধ্যমে ফ্যানেদের নিজেদের জীবনযাত্রার ঝলক দেখিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে।
বাড়ির লিভিং স্পেসটা দারুণ আকর্ষণীয় করে সাজানো হয়েছে। নিউট্রাল রঙের ব্যবহার, নরম সোফা, টেক্সচার্ড দেওয়াল আর আধুনিক সজ্জা ঘরটিকে এক প্রিমিয়াম লুক দিয়েছে। ট্রপিক্যাল থিমের ওয়ালপেপার একটা আলাদা মাত্রা যোগ করেছে। উঁচু ছাদ, জমকালো ঝাড়বাতি আর অ্যাম্বিয়েন্ট লাইটিং পুরো পরিবেশকে আরও রাজকীয় করে তুলেছে।বড় ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে প্রচুর প্রাকৃতিক আলো আসে, আর ইন্ডোর প্ল্যান্টস এনেছে এক সতেজ আমেজ।
বাড়ির রান্নাঘরটি বেশ ছিমছাম এবং আধুনিক ডিজাইনের। সাদা-ব্রাউন কালার থিমের সঙ্গে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম। রান্নাঘরের পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, যা বিশেষভাবে নজর কাড়ে। ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট মার্বেলের ডাইনিং টেবিল আর ব্রাউন লেদারের চেয়ার এটিকে খুব স্টাইলিশ করে তুলেছে।পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট।
হোম ট্যুরের সময় করণ কুন্দ্রার বিশাল স্নিকার্স আর জুতোর কালেকশনও চর্চায় উঠে আসে। অভিনেতা তাঁর বিশেষ সংগ্রহটি দেখান, যা সুরক্ষিত ক্যাবিনেটে রাখা আছে। এই ক্যাবিনেটগুলো খোলার জন্য বিশেষ অ্যাক্সেস কার্ড লাগে। তেজস্বী জানান, বাড়ির ইন্টিরিয়র ডিজাইনে করণের বড় ভূমিকা ছিল এবং তিনি নিজের পছন্দ অনুযায়ী বাড়ির অনেক অংশ ডিজাইন করিয়েছেন।
এই বিলাসবহুল বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গোপন জায়গাগুলো। বাড়িতে এমন একটি বাথরুম আছে, যা বাইরে থেকে দেখলে মনে হবে একটি বইয়ের তাক।তাকের একটি অংশ চাপ দিলেই খুলে যায় এর রাস্তা। এছাড়া, বাড়িতে একটি লুকানো বারও তৈরি করা হয়েছে, যা পুরো সেটআপকে আরও এক্সক্লুসিভ করে তুলেছে। এই কারণেই এই ফিচারটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।
বাড়িতে চারটি বড় বেডরুম এবং যথেষ্ট খোলামেলা জায়গা রয়েছে। তবে তেজস্বী প্রকাশের সবচেয়ে পছন্দের জায়গা হলো বাড়ির বড় ব্যালকনিটি। এখানে একটি প্যাডেল পুল, বারবিকিউ এরিয়া এবং আরাম করার জন্য দারুণ জায়গা রয়েছে। ব্যালকনি থেকে শহরের সুন্দর দৃশ্যও দেখা যায়। কাজের ক্ষেত্রে, তেজস্বী এবং করণ এখন নেটফ্লিক্সের শো 'দেশি ব্লিং' এবং 'লাফটার শেফস সিজন ৩'-এর মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করছেন।
