Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Pradeep Rawat: মৃত্যুর আগে কোন ছবিতে শেষ অভিনয় করেছিলেন 'গজনী' প্রদীপ রাওয়াত

Pradeep Rawat: মৃত্যুর আগে কোন ছবিতে শেষ অভিনয় করেছিলেন 'গজনী' প্রদীপ রাওয়াত

Pradeep Rawat: চিরনিদ্রায় গজনী। 'গজনী'-র নির্মম ভিলেন, 'লগান'-এর স্মরণীয় চরিত্র কিংবা 'মহাভারত'-এর অশ্বত্থামা, চার দশকের অভিনয়জীবনের ইতি টানলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত। মৃত্যুর আগে কোন ছবিতে শেষবার দর্শকদের সামনে এসেছিলেন তিনি? ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী খলনায়কের কথা উঠলে যে কয়েকটি নাম প্রথম সারিতে আসে, তাঁদের অন্যতম প্রদীপ রাওয়াত।

তাঁর চোখের দৃষ্টি, সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় উপস্থিতি বহু ছবিকে অন্য মাত্রা দিয়েছে। 'গজনী', 'লগান', 'সারফরোশ' থেকে শুরু করে একাধিক হিন্দি, তামিল, তেলুগু এবং অন্যান্য ভাষার ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। ৭৪ বছর বয়সে ব্লাড ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।

প্রদীপ রাওয়াতের প্রয়াণের পর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তাঁকে শেষবার কোন ছবিতে দেখা গিয়েছিল?

শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গাইয়াপাড্ডা সিংহম'

অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তেলুগু ডার্ক অ্যাকশন-কমেডি 'গাইয়াপাড্ডা সিংহম' (Gaayapadda Simham)। কাশ্যাপ শ্রীনিবাস পরিচালিত এই ছবিতে 'ভিক্ষু দাস' নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে থারুন ভাস্কর, ফারিয়া আবদুল্লাহ, জেডি চক্রবর্তী এবং শ্রী বিষ্ণুর মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন প্রদীপ। চরিত্রটি দীর্ঘ না হলেও, নিজের স্বভাবসিদ্ধ অভিনয়ে সেটিকে স্মরণীয় করে তুলেছিলেন তিনি। এই ছবিই তাঁর শেষ অন-স্ক্রিন উপস্থিতি হিসেবে থেকে গেল।

আন্তর্জাতিক ছবিতেও সক্রিয় ছিলেন

অভিনয়জীবনের শেষ পর্যায়েও নতুন ভাষা ও নতুন গল্পে কাজ করে গিয়েছিলেন প্রদীপ রাওয়াত। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া নেপালি ছবি 'আ বাটা আমা' (Aa Bata Aama)-তে গুরুত্বপূর্ণ এক পিতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর আগে ২০২৪ সালে নেপালি ছবি 'হ্রস্ব দীর্ঘ'-তেও দেখা গিয়েছিল তাঁকে। বয়স কিংবা অসুস্থতা- কোনও কিছুই যেন অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসাকে থামাতে পারেনি।

'মহাভারত' থেকে 'গজনী': এক উজ্জ্বল সফর

বিআর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'মহাভারত'-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা দেশে পরিচিতি পান প্রদীপ রাওয়াত। পরে 'সারফরোশ', 'লগান'-এর মতো ছবিতে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন। তবে খলনায়ক হিসেবে তাঁর সবচেয়ে স্মরণীয় কাজ নিঃসন্দেহে 'গজনী'। পরিচালক এ আর মুরুগাদোসের তামিল ছবিতে যেমন তিনি দর্শকদের মনে দাগ কেটেছিলেন, তেমনই ২০০৮ সালের হিন্দি রিমেকেও তাঁর ভয়ঙ্কর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। এর আগে এস এস রাজামৌলির 'সাই' (Sye) ছবিতে 'ভিক্ষু যাদব' চরিত্রে অভিনয়ের জন্যও তিনি প্রশংসিত হন।

শেষ হিন্দি ছবি

হিন্দি সিনেমায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল ঐতিহাসিক ছবি 'ছাওয়া' (Chhaava)-তে। ব্যক্তিগত জীবনে তিনি রেখে গেলেন স্ত্রী কল্যাণী এবং পুত্র বিক্রমাদিত্যকে। পর্দায় তাঁর উপস্থিতি আর দেখা যাবে না ঠিকই, তবে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় খলনায়ক হিসেবে প্রদীপ রাওয়াতের অভিনয় আগামী দিনেও দর্শকের মনে একই রকম উজ্জ্বল হয়ে থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla