Dailyhunt
SRH vs KKR: আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে

SRH vs KKR: আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে

IPL 2026: রবিবার আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। এই টি-২০ লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে সব মরসুমেই অন্তত এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এর আগে এই নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন বিরাট, রোহিত ও মণীশ।

মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন। তিনি এবারও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলে আছেন। কিন্তু ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারেননি ধোনি। এই কারণে তিনি বিরাট, রোহিত ও মণীশের সঙ্গে একই সারিতে জায়গা করে নিতে পারেননি। খেলতে নামলেই এই নজির গড়বেন ধোনি।

রমনদীপের পরিবর্ত মণীশ

রবিবারের আগে চলতি আইপিএল-এ কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি মণীশ। রবিবার রমনদীপ সিংয়ের (Ramandeep Singh) পরিবর্তে খেলার সুযোগ পান এই অভিজ্ঞ ব্যাটার। ৩৬ বছর বয়সি ব্যাটার মণীশকে এবরের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। প্রথম আট ম্যাচে খেলার সুযোগ পাননি মণীশ। রবিবার তাঁকে খেলার সুযোগ দেওয়া হল।

দীর্ঘদিন পর খেলছেন মণীশ

গত মরসুমের আইপিএল-এর পর রবিবারই প্রথমবার সর্বোচ্চ পর্যায়ে কোনও ম্যাচে খেলার সুযোগ পেলেন মণীশ। তিনি ২০২৫-২৬ মরসুমে ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের (Karnataka) হয়ে খেলার সুযোগ পাননি। তবে তারপরেও কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেলেন। চলতি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না রমনদীপ। এই কারণেই তাঁর পরিবর্তে অভিজ্ঞ ব্যাটার মণীশের উপর ভরসা রাখলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তরুণ খেলোয়াড় তেজস্বী দাহিয়া (Tejasvi Dahiya) ও সার্থক রঞ্জনকে (Sarthak Ranjan) বাদ দিয়ে মণীশকে খেলার সুযোগ দেওয়া হল। এদিন প্রথমে ফিল্ডিং করে কেকেআর। কোনও ক্যাচ নিতে পারেননি মণীশ। তিনি রান আউটও করতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla