সংসদ চত্বরে জেপি নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন সিনহা-সৌগত রায়ের সাক্ষাৎ, তার পরদিনই এনসিপিআই সাংসদ আবু তাহের-খলিলুর রহমানের সঙ্গে সৌগত রায়ের ছবি। তৃণমূলের অন্দরে সমীকরণ বদলের জল্পনা তুঙ্গে। বিস্তারিত পড়ুন।
সংসদের বাদল অধিবেশন চলাকালীন একের পর এক ছবি ঘিরে সরগরম হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি।
মাত্র একদিনের ব্যবধানে সামনে এল দু'টি আলাদা আলাদা ছবি, যা নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রথম ছবিতে দেখা যায়, সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে টিবি সংক্রান্ত একটি অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একই ফ্রেমে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ও প্রবীণ সাংসদ সৌগত রায়।

জানা যাচ্ছে, অনুষ্ঠানের ফাঁকে বেশ কিছুক্ষণ জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন শত্রুঘ্ন সিনহা। একই টেবিলে খাবার খেতে দেখা যায় সৌগত রায়কেও। তবে সৌগত রায় কিছুটা দূরেই বসে ছিলেন নাড্ডার থেকে। ছবিতে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা কথা বলছেন জেপি নাড্ডার সঙ্গে।

এরপর আরও একটি ছবি সামনে আসে, যেখানে নাড্ডাকে খাবার খেতে দেখা যায় এবং তাঁর সামনেই দাঁড়িয়ে ছিলেন সৌগত রায়। যদিও এই সাক্ষাৎ নিয়ে তৃণমূল বা বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এর একদিন পরই সংসদ চত্বরে দ্বিতীয় ছবিটি নজর কাড়ে। এবার সৌগত রায়কে দেখা যায় এনসিপিআইয়ের দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমানের সঙ্গে এক ফ্রেমে, হাসিঠাট্টায় মশগুল অবস্থায়।

এই সাক্ষাৎ ঘিরেও জোর জল্পনা ছড়িয়ে পড়ে, আবু তাহের ও খলিলুর রহমান নাকি ফের তৃণমূলে ফিরতে চাইছেন। যদিও দু'জনেই সংসদে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা এনডিএ শরিক হিসেবে এনসিপিআইতেই রয়েছেন।

তবে এই সাক্ষাতের নেপথ্যে লুকিয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ব। তৃণমূল ছেড়ে ২০ জন সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, আর দলত্যাগ বিরোধী আইন এড়াতে তাঁদের প্রয়োজন অন্তত ১৯ জনের সংখ্যাগরিষ্ঠতা।

আবু তাহের বা খলিলুর রহমান যদি তৃণমূলে ফিরে যান, তাহলে এনসিপিআইয়ের সেই সংখ্যা কমে যাবে, আর তাতেই বিপাকে পড়তে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। যদিও জল্পনা উড়িয়ে দিয়েছেন আবু তাহের। তিনি বলেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও তাঁর নেতা।

পাল্টা দাবি উঠছে, কালীঘাট তৃণমূলে থাকা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এনসিপিআইয়ে নেওয়ার পরিকল্পনা চলছে, যাতে ১৯ জনের প্রয়োজনীয় সংখ্যা বজায় থাকে এবং দলত্যাগ বিরোধী আইন এড়ানো যায়।

মোট কথা, একদিকে নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন-সৌগতর সৌজন্য সাক্ষাৎ, অন্যদিকে এনসিপিআই সাংসদদের সঙ্গে সৌগত রায়ের ঘনিষ্ঠতা- দুই ছবি মিলিয়ে তৃণমূলের অন্দরের রাজনৈতিক অঙ্ক নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে জল্পনা। রাজনৈতিক মহলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে।

