Yamaha R2: ভারতের টু-হুইলার বাজারে তরুণ বাইকারদের প্রতীক্ষার অবসান। Yamaha লঞ্চ করল তাদের বহুপ্রতীক্ষিত Yamaha YZF-R2। ২.৩০ লক্ষ টাকা প্রারম্ভিক মূল্যে আসা এই বাইক KTM RC 200 এবং Karizma XMR 210-এর মতো বাইকগুলোকে কড়া টক্কর দেবে।
ভারতের বাজারে তরুণ ও কলেজ পড়ুয়াদের কাছে Yamaha একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড।
Yamaha R2 বাইকে রয়েছে একেবারে নতুন ২০৪cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন। এটি ১০,০০০ rpm-এ ২৬.৫ PS (২৬.১ bhp) পাওয়ার এবং ৮,০০০ rpm-এ ১৯.১ Nm টর্ক তৈরি করে। R15-এর SOHC ইঞ্জিনের পরিবর্তে এতে ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট সেটআপ ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাগশিপ YZF-R1 বাইকের মতো এই R2-এর ইঞ্জিন ভালভগুলিতেও ডায়মন্ড-লাইক কার্বন কোটিং দেওয়া হয়েছে, যা ঘর্ষণ কমিয়ে বাইককে আরও মসৃণ ও দ্রুত চলতে সাহায্য করে।
এই বাইকের জন্য Yamaha একটি বিশেষ অল-নিউ ডায়মন্ড স্টিল ফ্রেম তৈরি করেছে, যার ওজন মাত্র ১৪ কেজি। KTM RC 200 এবং Hero Karizma XMR-এর মতো রেসিং বাইকের তুলনায়, Yamaha R2 মাত্র ১৪৯ কেজি কার্ব ওয়েট নিয়ে সেগমেন্টের সবচেয়ে হালকা বাইক হিসেবে রেকর্ড তৈরি করেছে।

Yamaha নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এই বাইকটিকে অ্যাডভান্সড ফিচারে ভরিয়ে দিয়েছে। এটিতে রয়েছে Yamaha রাইড কন্ট্রোল (YRC) সহ ৩টি রাইডিং মোড - স্ট্রিট, স্পোর্ট এবং রেইন। এছাড়াও রয়েছে ৫-ইঞ্চির ফুল কালার TFT ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং ডুয়াল-চ্যানেল ABS। মিড এবং টপ মডেলে সেগমেন্ট-ফার্স্ট বাই-ডাইরেকশনাল কুইক শিফটার এবং বডি কালার অ্যালয় হুইল দেওয়া হয়েছে। R2 M প্যাকে প্রি-লোড অ্যাডজাস্টেবল সাসপেনশন, অ্যাডজাস্টেবল লিভার, স্মার্ট কি সিস্টেমের মতো ফিচারও রয়েছে।
Yamaha R2 মডেলটি ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ২.৩০ লক্ষ টাকা, কুইক শিফটার ভ্যারিয়েন্টের দাম ২.৩৯ লক্ষ টাকা এবং টপ ভ্যারিয়েন্ট YZF-R2 M-এর দাম ২.৫৩ লক্ষ টাকা। এই বাইকগুলি শুধুমাত্র Yamaha-র ব্লু স্কোয়ার ডিলারশিপে পাওয়া যাবে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে বাইকের ডেলিভারি শুরু হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

