Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২২ হাজার টিকিট হাতানোর অভিযোগ! মেসিকাণ্ডে আবারও জিজ্ঞাসাবাদের মুখে অরূপ

২২ হাজার টিকিট হাতানোর অভিযোগ! মেসিকাণ্ডে আবারও জিজ্ঞাসাবাদের মুখে অরূপ

Bangla Jago TV 2 weeks ago

Bangla Jago Desk: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে ওঠা একাধিক অভিযোগের তদন্তে মঙ্গলবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করে মেসিকে জড়িয়ে ধরা, প্রভাব খাটিয়ে অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট সংগ্রহ এবং ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে।

এর আগেও একই মামলায় তিনবার থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস।

গত বছরের ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত লিওনেল মেসির অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে। পরে তিনি জামিনে মুক্তি পান। সরকার পরিবর্তনের পর শতদ্রুই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে টিকিট ব্ল্যাক, আর্থিক অনিয়ম এবং সরকারি পদমর্যাদার অপব্যবহারের কথা উল্লেখ করা হয়। এরপর থেকেই তদন্তে অরূপ বিশ্বাসকে একাধিকবার তলব করে পুলিশ। প্রথমদিকে কয়েকটি হাজিরার নোটিস এড়িয়ে গেলেও পরে তিনবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। প্রতিবারই তিনি দাবি করেছেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। এদিকে কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

জানা গিয়েছে, আগামী ১০ জুলাই মেসিকাণ্ডের তদন্ত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেবে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত ছয় মাস ধরে চলা তদন্তের সেই রিপোর্ট পেশের আগে আরও একবার অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বিষয় স্পষ্ট করতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে, অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল লিওনেল মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমও। তারা কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠানো চিঠিতে অভিযোগ করে, নির্ধারিত নিরাপত্তা বিধি ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাঠে প্রবেশ করেছিলেন এবং অনুমোদিত কর্মসূচির বাইরে গিয়ে মেসির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, ছবি তোলার সময় তিনি একাধিকবার মেসির খুব কাছে যাওয়ার পাশাপাশি তাঁর কাঁধ ও কোমরে হাত রাখার চেষ্টা করেন। নিরাপত্তা ব্যবস্থার নানা ত্রুটি নিয়েও চিঠিতে অসন্তোষ প্রকাশ করেছিল মেসির ম্যানেজমেন্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV