Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bangla Jago TV 6 days ago

Bangla Jago Desk: অসমে নতুন সরকারের গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে মন্ত্রিসভার সম্প্রসারণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । রবিবার তিনি জানান, আগামী ৫ জুন রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সম্প্রসারিত মন্ত্রিসভায় ৮ থেকে ৯ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ৫ জুন অসম সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে। বিশেষ করে বরাক উপত্যকা এবং উজান অসম থেকে কয়েকজন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে। পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মন্ত্রিসভায় বিজেপির পাশাপাশি শরিক দলগুলির প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে। ফলে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে শাসক জোট।

উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসে। ১২৬ আসনের মধ্যে জোট মোট ১০২টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজেপি পায় ৮২টি আসন, আর শরিক দল অসম গণ পরিষদ এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট পায় ১০টি করে আসন। গত ১২ মে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-র উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতা। বর্তমানে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন চারজন মন্ত্রী। তাঁরা হলেন অজন্তা নিওগ, রামেশ্বর তেলি, অতুল বোরা এবং চরণ বড়ো। তাঁদের মধ্যে রমেশ্বর তেলির হাতে রয়েছে ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অতুল বোরার হাতে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, চরণ বোরোর হাতে পরিবহণ এবং অজন্তা নেওগের হাতে নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব। নতুন সরকার গঠনের আগেই হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছিলেন যে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় মোট ১৮ থেকে ১৯ জন মন্ত্রী থাকতে পারেন। সেই লক্ষ্যেই এবার প্রথম দফার বড়সড় সম্প্রসারণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে অসমে নবগঠিত এনডিএ ৩.০ সরকারের অগ্রাধিকার ও প্রাথমিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও তাঁর দিকনির্দেশনা ও আশীর্বাদ কামনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV