Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবশেষে মেঘের দেখা কলকাতায়! ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা

অবশেষে মেঘের দেখা কলকাতায়! ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা

Bangla Jago TV 21 hrs ago

Bangla Jago Desk: তীব্র দাবদাহে জ্বলতে থাকা তিলোত্তমায় অবশেষে মিলল কিছুটা স্বস্তির বার্তা। রবিবাসরীয় সকালে মেঘলা আকাশের দেখা মেলার পাশাপাশি আজ কলকাতার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)। তবে এই স্বস্তি স্থায়ী না-ও হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দুপুরের পর আকাশ পরিষ্কার হয়ে গেলেই কড়া রোদের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম আবারও ফিরতে পারে। রবিবার সকালে জারি করা বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারণে ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। গতকালও দিনভর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হয়েছে শহরবাসীকে, কারণ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেড়ে দাঁড়ায় ২৯.৯ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতায় সাময়িক স্বস্তির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে একদিকে যেমন বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তেমনই বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম অস্বস্তিকর গুমোট গরম বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় রেকর্ড ভাঙা চরম অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) আশঙ্কায় লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ দফায় দফায় বৃষ্টি চলবে। সব মিলিয়ে উত্তরবঙ্গে পুরোদমে বর্ষার আমেজ তৈরি হলেও, দক্ষিণবঙ্গ তথা কলকাতায় এই বৃষ্টির হাত ধরে কতটা দীর্ঘস্থায়ী স্বস্তি ফেরে, এখন সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV